২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেটব্লুর সব ফ্লাইটে ওয়াই-ফাই

যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইন জেটব্লু। বুধবার নিজেদের সবগুলো প্লেনে ‘ফ্লাই-ফাই’ নামে এ সেবা চালুর ঘোষণ দেয় প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

সম্প্রতি প্রতিষ্ঠানটি একমাত্র বড় মার্কিন এয়ারলাইন হিসেবে বিনামূল্যে ‘চেকড ব্যাগেজ’ সুবিধা চালু করে বলে জানিয়েছে সংবাদ সাইট ম্যাশএবল। ‘চেকড ব্যাগেজ’ বলতে প্লেনে যাত্রীর নির্ধারিত পরিমানের অতিরিক্ত ব্যাগ পাঠানোর সেবাকে বুঝায়।

জেটব্লুর ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট জেইমি পেরি বলেন, “আমাদের ফ্লাই-ফাই মডেল প্রমাণ করেছে অতিরিক্ত মূল্য সংযোজন না করেই যাত্রীদের আরও বেশি সেবা দেওয়া যায়।”

অনেক এয়ারলাইনস বিভিন্ন মূল্যে যাত্রীদের ওয়াই-ফাই সুবিধা দিয়ে থাকে। তবে, অনেক যাত্রীর কাছেই ওয়াই-ফাইয়ের চার্জ বেশি বলে মনে হয়। সাধারণত ওয়াই-ফাইয়ের জন্য কম দূরত্বের যাত্রাকালে পাঁচ ডলার আর বেশি দূরুত্বের ক্ষেত্রে ৪০ ডলার পর্যন্ত চার্জ করা হয়ে থাকে বলে জানিয়েছে সাইটটি।

ইতোমধ্যে দেড়শ’ এয়ারবাস এ৩২০ আর এ৩২১ এয়ারক্র্যাফটে ফ্লাই-ফাই সুবিধা চালু করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে। ২০১৬ সালের মধ্যে প্রতিষ্ঠানটির সবকটি ফ্লাইটে এ সুবিধা আনা হবে।

বর্তমানে জেটব্লু ছাড়াও এমিরেটস, নরওয়েজিয়ান এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস, ফিলিপাইন এয়ারলাইনস, হংকং এয়ারলাইনস আর নক এয়ারে ফ্রি ওয়াই-ফাই সুবিধা রয়েছে বলে নিজেদের ব্লগে জানিয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি এড্রিমস।