২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেইলব্রেকে পুরনো আইফোনেও ৩ডি টাচ

আইফোন ৬এস নেই বলে যদি কেউ ৩ডি টাচ ব্যবহার করতে না পারেন, তবে মন খারাপের কোনো কারণ নেই। এখন আগের আইফোনগুলোতেও ব্যবহার করা যাবে নতুন আইফোনে আনা টেক জায়ান্ট অ্যাপলের এই ফিচার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

জেইলব্রেক করা আইওএস ৯ চালিত আইফোনে ব্যবহারকারীরা ৩ডি টাচ ব্যবহার করতে পারবেন। এজন্য ব্যবহারকারীদেরকে সিডিয়া অ্যাপ স্টোর থেকে ‘ফোর্সি’ নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সম্পূর্ণ বিনামূল্যের এই অ্যাপটি ৩ডি টাচ নেই এমন আইফোনে ৩ডি টাচ সুবিধা দিতে পারে।

এই পদ্ধতিতে ফোর্স টাচের সুবিধা পেতে আইকনের উপর দিয়ে আঙ্গুল সোয়াইপ করে নিতে হবে।

নতুন আইফোনগুলোয় আনা ফিচারগুলোর মধ্যে এই ৩ডি টাচ অন্যতম সেরা বলে বিবেচনা করা হচ্ছে। ফোর্স টাচকে মোবাইলের অপারেটিং সিস্টেমের সঙ্গে যোগাযোগের নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক খবরের সাইট ম্যাশএবল।

ফোর্সি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী হোম স্ক্রিনের অ্যাপ আইকনগুলো চটজলদি ব্যবহার করতে পারবেন।

অ্যাপল তাদের ফোনগুলোর ওএস জেইলব্রেক সমর্থন করে না। জেইলব্রেক করা অবস্থায় ফোনের কোনো ওয়ারেন্টি দাবিও করা যায় না। সফটওয়্যার নিরাপত্তার জন্যও এটি হুমকি বলে দাবি করেছে অ্যাপল।

চলতি বছর ২৫ সেপ্টেম্বর নতুন ৩ডি ফিচারসহ আইফোন ৬এস বের করে অ্যাপল। প্রথমদিকে এই স্মার্টফোনের অনেক ক্রেতা এর টাচ আইডি বাটন নিয়ে অভিযোগ আনেন। ব্যবহারের সময় হোম স্ক্রিন কালো হয়ে যায় আর টাচ আইডি বাটন আগুনের মতো গরম হয়ে যায় বলে অভিযোগ এনেছিলেন তারা।