২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডফোন অতীত, এখন স্কাইবাড

কিকস্টার্টারে মঙ্গলবার স্কাইবাড নামের এক ধরনের গ্যাজেট লঞ্চ করেছে নিউ ইয়র্কভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান আলফা অডিওট্রনিক্স। স্কাইবাড গ্যাজেটে ওয়্যারলেস ইয়ারবাডের পাশাপাশি কেসিং ইত্যাদি নানাবিধ জিনিস রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্কাইবাডকে ফোনের সুইস আর্মি নাইফ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

স্কাইবাডের ফোন কেসের নিচের দিকে এটির ইয়ারবাড সংরক্ষিত অবস্থায় থাকবে। ইয়ারবাড ব্যবহার করতে চাইলে শুধু কেসে চাপ দিয়েই ইয়ারবাড দুটি বের করে আনা সম্ভব হবে। ব্যবহারকারীরা ইয়ারবাডের বাটনে চাপ দিয়েই গান শুনতে ও কল রিসিভ করতে পারবেন।

আর স্কাইবাডের ফোন কেসের সঙ্গে যে ব্যাটারি প্যাকটি থাকবে, সেটির মাধ্যমে চলন্ত অবস্থাতেই ফোন চার্জ করা সম্ভব হবে। ইয়ারবাড দুটি ফোন কেসের ভেতরে রাখামাত্র সেগুলোও স্বয়ংক্রিয়ভাবে চার্জড হবে। আর স্কাইবাডের ফোনের কেসিং এবং ইয়ারবাড দুটোকেই একত্রে ইউএসবি কানেক্টরের মাধ্যমে চার্জ করা সম্ভব হবে বলে জানিয়েছে ম্যাশএবল।

ঘামে যাতে স্কাইবাডের ইয়ারবাড দুটো ভিজে না যায়, সেভাবেই সেগুলোকে ডিজাইন করা হয়েছে এবং ইয়ারবাডে ‘সিলিকন টিপস’ ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে ম্যাশএবল। স্কাইবাডের কেসিং সহজেই আইফোন ৬ এবং আইফোন ৬এস-এ ব্যবহার করা যাবে।

স্কাইবাডের অ্যাপও রয়েছে। কেস বা ইয়ারবাড হারিয়ে গেলে ওই অ্যাপটির সাহায্যে, তা খুঁজে বের করা সম্ভব হবে।

বর্তমানে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কিকস্টার্টার ক্যাম্পেইনের মাধ্যমে নভেম্বরের ১৮ তারিখের মধ্যে দুই লাখ ডলার অনুদান সংগ্রহের চেষ্টা করছে স্টার্টআপ আলফা অডিওট্রনিক্স।