কল অফ ডিউটি: ইচ্ছামতো শেষে যাওয়ার সুযোগ
অনেকটা অনাকাংখিত এক পদক্ষেপ নিয়েছে ফার্স্ট পারসন শুটিং গেইম কল অফ ডিউটির নির্মাতারা। পুরো গেইম না খেলেই গেইমটির সর্বশেষ সংস্করণ ব্ল্যাক অপস ৩- এর ফাইনাল মিশন পর্যন্ত স্কিপ করে যাওয়ার সুযোগ দিচ্ছে তারা।
"খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী কন্টেন্ট পাওয়ার সুবিধা" দিতে চায় বলে জানিয়েছে নির্মাতারা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কল অফ ডিউটিঃ ব্ল্যাক অপস ৩ খেলতে চান এমন গেমাররা এখন চাইলেই গেইমটির শেষে চলে যেতে পারবেন। গেইমটির ক্যাম্পেইন ডিরেক্টর জেসন ব্লান্ডেল বলেন, " এখনকার গ্রাহকরা আর গেমাররা সাধারণত অনেক বেশি পরিপক্ক। মানুষের আগ্রহের এখন আর অভাব নেই। এখন বিষয় হচ্ছে, তারা এটি কীভাবে চায়? এমন হতেই পারে, যে কেউ দুই নম্বর লেভেল পর্যন্ত খেলেন, পরে কোনো কাজের কারণে খেলতে না পারেন, আর পরে অন্য কেউ এসে তাকে বলেন, 'আপনারতো লেভেল চার খেলে দেখা উচিত!' আর আগের জন মনে করেন, 'আচ্ছা, আমি খুব জলদি একবার দেখে নেই।' এটা সম্পূর্ণ ঠিক। আমি মনে করি এটা তাদের পছন্দ।"
বিষয়টিকে একই সময়ে নেটফ্লিক্স যেভাবে কোনো অনুষ্ঠানের পুরো সিজন চাহিদা অনুযায়ী ছেড়ে দেন, তার সঙ্গে তুলনা করেন। "যখন নেটফ্লিক্স হাউস অফ কার্ডসের সব পর্ব একসঙ্গে ছাড়ে, কেউ কি শুধু শেষে গিয়ে শেষপর্বটি দেখেন? অবশ্যই সেটা আপনি পারেন। কিন্তু এটি একটি ভ্রমণের মতো, তাই না?"
শুধু লেভেল স্কিপই নয়, সেই সঙ্গে এক খেলোয়াড় আরেক খেলোয়াড়কে অস্ত্র ধার দিতে পারবেন, এমনকি তা যদি প্রথমজন আনলক না করে থাকেন তাও।
অনেক খেলোয়াড় গেইমের শেষ ভিডিও আগেই ছেড়ে দিয়ে তা নিয়ে আগ্রহ নষ্ট করে দিতে চাইতে পারেন বলে স্বীকার করেন ব্লানডেল। তবে, এতে গেইমটি নিয়ে আলোচনা বাড়বে বলে আশা করছেন তিনি।
