চলতি বছরেই নিনটেন্ডোর স্মার্টফোন গেইম
খুব শীঘ্রই বাজারে আসবে নিনটেন্ডোর তৈরি প্রথম স্মার্টফোন গেইম। জাপানের মোবাইল পোর্টাল এবং ই-কমার্স সাইট সেবাদাতা ডেনা (DeNA)-এর সঙ্গে জোট বেঁধে গেইমটি বানাচ্ছে নিনটেন্ডো।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নিনটেন্ডোর স্মার্টফোন গেইম নির্মাণের ঘোষণা দিয়েছেন ডেনা সিইও শিনতারো আসাকো। ‘গেইমসবিট ২০১৫’ সম্মেলনে নতুন গেইমের কথা জানান আসাকো। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
“খুব শিগগরই গেইমটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবো আমরা।”—বলেন আসাকো।
চলতি বছর শেষ হওয়ার আগেই নতুন স্মার্টফোন/ট্যাবলেট গেইম বাজারজাত করা হবে বলে আগেই জানিয়েছিল নিনটেন্ডো। নতুন গেইম নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ২০১৭ সালের মধ্যে ৫টি স্মার্টফোন গেইম বাজারজাত করার পরিকল্পনায় পরিবর্তন হয়নি বলেই জানিয়েছেন আসাকো।
স্মার্টফোন গেইমিংয়ের বাজারকে দীর্ঘ দিন ‘না’ বলার পর চলতি বছরেই স্মার্টফোনের জন্য গেইম নির্মাণের ঘোষণা দিয়েছে নিনটেন্ডো। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা স্কট মোফিটের বক্তব্য অনুযায়ী, ‘এই বাজারের সম্ভাবনা কোনোভাবেই আর অস্বীকার করার উপায় ছিল না’।
সিনেট জানিয়েছে, মারিও কার্ট প্রযোজক হিদেকি কোনোর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে নতুন গেইমগুলো। সময়মতো স্মার্টফোন গেইমের বাজারে প্রবেশ করতে না পারার কারণেই নিনটেন্ডোর বিশ্বের শীর্ষ ভিডিও গেইম নির্মাতাদের তালিকা থেতে ছিটকে পরেছে—জানা গেছে এক জরিপে।
