গুগলের শীর্ষ কর্মকর্তা টুইটারে
গুগল ছেড়ে মাইক্রোব্লগিং সেবা টুইটারে যোগ দিয়েছেন মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির এক শীর্ষ নির্বাহী কর্মকর্তা।
অমিদ কোরদেস্তানি নামের ৫৩ বছর বয়সী টুইটারের এই নতুন চেয়ারম্যান গুগলে যোগদান করেন ১৯৯৯ সালে। টানা দশ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে গুগল ছাড়েন তিনি। এরপর ২০১৪ সালে গুগলের অ্যালফাবেট নিয়ে উপদেষ্টা হিসেবে কাজ করতে ‘চিফ বিজনেস অফিসার’ পদে যোগ দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নিজের এক টুইটে কোরদাস্তানি বলেন, “ব্যবসার সঙ্গে দুনিয়াকে বদলে দিচ্ছে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দুর্লভ। আর নেটস্কেপ, গুগল আর এখন টুইটার, এমন তিনটি প্রতিষ্ঠানে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।”
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি কোরদেস্তানিকে একজন ‘প্রমাণিত ও অভিজ্ঞ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন বলে জানিয়েছে বিবিসি। “একজন ভাল চেয়ারপারসন হচ্ছেন আমাদের বোর্ডকে বিশ্বের অন্যতম সেরা বানানোর পথে প্রথম ধাপ আর তার উদ্দেশ্য হচ্ছে টুইটারকে সেবা দেওয়া।”- এক টুইটে এ কথা বলেন তিনি।
ডিক কস্টোলো পাঁচ বছর কাজ করার পর তার জায়গায় নতুন প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি ফিরেছেন মাইক্রোব্লগিং সেবাটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
এ বিষয়ে এক বিবৃতিতে গুগলের একজন মুখপাত্র বলেন, “আমরা অমিদের জন্য আনন্দিত আর টুইটারের জন্য খুশি।”
