অনলাইনে সারফেস বুক-এর স্টক শেষ
ইতোমধ্যেই অনলাইন স্টোরে ফুরিয়ে গিয়েছে মাইক্রোসফটের নতুন ল্যাপটপ সারফেস বুক। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির অনলাইন স্টোরে এখন আর ডিভাইসটির কোনো ভার্সনই পাওয়া যাচ্ছে না।
এত আগে শেষ হয়ে যাওয়ায় এটিকে মোটেই সস্তা ভাবার কোন কারণ নেই। সারফেইস বুকটির দাম শুরুই হয়েছে ১ হাজার ৪৯৯ ডলার থেকে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনেকটা সহসাই নতুন সারফেস বুক উন্মোচন করে মাইক্রোসফট। মাত্র পাঁচদিন পরই অনলাইন স্টোরের সবকটি ল্যাপটপ বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মার্কেটওয়াচ। ট্যাবলেট থেকে শুরু করে পেছনে পুরোটা ভাঁজ করে রাখা যায় এমন ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যায় এটি।
প্রাথমিক অবস্থায় কতগুলো ল্যাপটপ আনা হয়েছিল, তা জানা না গেলেও অনলাইনে স্টক শেষ হয়ে যাওয়ার বিষয়টি বাজারে ল্যাপটপটির উচ্চ চাহিদার দিকেই ইঙ্গিত করে বলে মনে করে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
গবেষণা প্রতিষ্ঠান এডিসন ইকুইটি রিসার্চের বিশ্লেষক রিচার্ড উইন্ডসোর বলেন, “সব নির্ভর করছ কতগুলো অর্ডার করা হয়েছে তার উপর। বাজারে ছাড়ার পরপরই স্টক শেষ হয়ে যাওয়ার এই বিপণন কৌশল অ্যাপল প্রবর্তন করেছে।”
প্রথম ধাপেই সারফেস বুকের এমন চাহিদা প্রতিষ্ঠানটির আশা বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
