প্রত্যর্পণ ঠেকাতে লড়ছেন ব্রিটিশ হ্যাকার
যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ ঠেকাতে লড়ছেন ব্রিটিশ নাগরিক ও শিক্ষার্থী লরি লাভ। লাভকে এফবিআই এবং এনএসএ হ্যাকের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, লাভের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে, তাকে ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
লাভের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, লাভ একজন ‘উচ্চমানসম্পন্ন কম্পিউটার হ্যাকার’ এবং হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাসের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। ২০১২ সালের অগাস্টে এবং ২০১৩ সালের অক্টোবরে লাভ, এনএসএ, ফেডারেল রিজার্ভ, ডিপার্টমেন্ট অফ এনার্জি, এফবিআই-এর মতো মার্কিন সরকারি সংস্থাগুলোর সার্ভারে গোপনে প্রবেশ করেন। লাভের হ্যাকিংয়ের শিকার ওই সার্ভারগুলোয় রক্ষিত গোপনীয় তথ্য প্রকাশ্যে প্রচার করা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে অভিযোগে।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে লাভের ১২ বছরের কারাদণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। লাভের বিচারের জন্য যুক্তরাজ্যের কাছে ইতোমধ্যেই ‘প্রত্যর্পণ’ আবেদন করেছে যুক্তরাষ্ট্র।
গার্ডিয়ানের তথ্য অনুসারে, সরকারি সংস্থায় হ্যাকিংয়ের ব্যাপারগুলো কখনই স্বাভাবিকভাবে নেয় না যুক্তরাষ্ট্র। লাভকে যদি প্রত্যর্পণ করা হয়, তাহলে তিনিই হবেন প্রত্যর্পণকৃত প্রথম অভিযুক্ত অ্যানোনিমাস হ্যাকার। পর্যবেক্ষকদের আশঙ্কা, যদি হস্তান্তরের ব্যাপারটিতে যুক্তরাষ্ট্র সফল হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের আরও ঘটনা ঘটবে।
লাভের ভাষ্য অনুযায়ী, তিনি এর আগে কখনও যুক্তরাষ্ট্রে যাননি। এ ছাড়াও তার বিরুদ্ধে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) অভিযোগ আনার আগেই ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অভিযোগ আনাটা উচিত নয় বলেও জানিয়েছেন তিনি। তবে লাভের বিরুদ্ধে ২০১৩ সালে এনসিএ-ও অভিযোগ এনেছিল বলেই জানিয়েছে গার্ডিয়ান।
এ প্রসঙ্গে লাভের আইনজীবি ক্যারেন টডলার জানিয়েছেন, এনসিএ-এর সঙ্গে যে সমস্যাটি শুরু হয়েছিল, তা নিষ্পত্তি হয়ে গেছে। আর হস্তান্তরের ব্যাপারে টডলার জানিয়েছেন, লাভের মানসিক স্বাস্থ্য অনেক আগে থেকেই ভালো নয় এবং তার যে মানসিক অবস্থা, তাতে কোনোভাবেই তাকে প্রত্যর্পণ করাটা ঠিক হবে না। এ ছাড়াও লাভের মানসিক স্বাস্থ্যের ব্যাপারগুলোর নথি রয়েছে বলেও জানিয়েছেন টডলার।
লাভের প্রত্যর্পণ নিয়ে গার্ডিয়ান যে প্রতিবেদনটি করেছে, তা অনেকটাই সহানুভূতিশীল দৃষ্টিকোণ থেকে করা হয়েছে। লাভকে করা একটি প্রশ্নের উত্তর নিজেদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে গার্ডিয়ান। লাভকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তার শাস্তির বিষয়টি কীভাবে দেখছেন? উত্তরে তিনি বলেছেন, “পুরো বিষয়টিই কেতাবি। জীবিত অবস্থায় আমি কখনই আমেরিকায় যাবো না।”
