২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভার্চুয়াল রিয়েলিটিতে গুগল স্ট্রিটভিউ

নিজেদের জনপ্রিয় স্ট্রিট ভিউ সার্ভিস ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ হিসেবে আনতে যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট কার্ডবোর্ডের জন্য এই পদক্ষেপ নিচ্ছে তারা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

সেই সঙ্গে কার্ডবোর্ডে নতুন কিছু ফিচার যোগ করছে এই ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর ফলে, কার্ডবোর্ড অন্যান্য দামি ভিআর হেডসেটগুলোর বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কার্ডবোর্ডের আগের কিছু জটিলতা কাটিয়ে উঠতে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটও আপডেট করেছে গুগল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “গুগল কার্ডবোর্ড বিশ্বব্যাপী ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আসছে”।

গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের সঙ্গে যুক্ত বিশ্লেষক পিয়ার্স হার্ডিং-রোলস গুগল স্ট্রিট ভিউ “ভার্চুয়াল রিয়েলিটির জন্য স্বাভাবিকভাবেই উপযুক্ত” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বাজারে গুগলের প্রচুর পরিমাণ তথ্য ও সেবা রয়েছে, এগুলোর মধ্যে কিছু ভার্চুয়াল রিয়েলিটির জন্য উপযুক্ত। স্ট্রিট ভিউ ৩৬০ ডিগ্রি ভিডিওতে হওয়ায় এটি ভার্চুয়াল রিয়েলিটিতে পাওয়ার জন্য সহজ সেবাগুলোর মধ্যে একটি।”

ইমেইজগুলো থ্রিডি না হওয়ায় গুগল কার্ডবোর্ডের মাধ্যমে স্ট্রিট ভিউ একদম পুরোপুরি ভার্চুয়াল রিয়েলিটি হবে না। কিন্তু, ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রিতে রাস্তার ছবি দেখতে পারবেন। 

চলতি বছর সেপ্টেম্বর মাসে ‘এক্সপেডিশনস’ নামের একটি অ্যাপ ঘোষণা করে গুগল। ওই অ্যাপ দিয়ে কার্ডবোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল শিক্ষা ভ্রমণের আয়োজন করতে পারবেন শিক্ষকরা।

হাজার হাজার স্কুল শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা দিতে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি, স্মিথসোনিয়ানের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়েছে গুগল।

কার্ডবোর্ডের নতুন এই সুবিধা আইওএস আর অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে।

পরবর্তী ধাপে গুগল আরও শক্ত ও দামি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট আনতে পারে বলে মনে করেন হার্ডিং-রোলস।