ইতিহাস গড়ে ডেলের অধীনে ইএমসি
প্রযুক্তি শিল্পের বিশ্ববাজারে সবচেয়ে বেশি দামে মালিকানা হাত বদলের ইতিহাস গড়ে কম্পিউটার নির্মাতা ডেল ইনকর্পোরেটেড-এর অধীনে যাচ্ছে ডেটা স্টোরেজ কোম্পানি ইএমসি কর্পোরেশন। বলা হচ্ছে শুধু হার্ডওয়্যার নির্মাতার তকমা থেকে বেরিয়ে এসে কর্পোরেট ডেটা ব্যবস্থাপনা এবং সংরক্ষণের ক্রমবর্ধমান বাজারের অংশ হতে চাইছে ডেল।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বছরের সবচেয়ে বড় অংকের বিনিময়ে মালিকানা হাতবদলের চুক্তির মধ্যে তৃতীয় স্থানে আছে ডেল-ইএমসির চুক্তি। আর প্রযুক্তির শিল্পের ইতিহাসে সবচেয়ে বেশি দামে মালিকানা হাতবদলের নতুন রেকর্ড এটি।
পিসি নির্মাতা হিসেবে বিশ্ববাজারে তৃতীয় স্থানে আছে ডেল। ইএমসির মালিকানা কিনে নেওয়ার মাধ্যমে ডেল ব্যবসা প্রসারণের পাশাপাশি আরও বেশি লাভজনক এবং দ্রুত-বর্ধমান ক্লাউডভিত্তিক সেবার ও সংশ্লিষ্ট বাজারে প্রবেশ করলো বলে জানিয়েছে রয়টার্স।
শুধু ডেলই নয়, বিশ্ববাজারে পিসির চাহিদা ক্রমশ ত্রাস পাওয়ায় কর্পোরেট ডেটা খাতের দিকে মনোযোগী হচ্ছে হিউলেট-প্যাকার্ড(এইচপি)-এর মতো বাজারের মীর্ষ প্রতিষ্ঠানগুলো।
রয়টার্স জানিয়েছে, নিজস্ব সার্ভার ব্যবসার সঙ্গে ইএমসির স্টোরেজ এবং অন্যান্য সম্পদ একত্র করে আরও বেশি পণ্য ও সেবা নিয়ে মাঠে নামতে পারবে ডেল যা ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটির বাজারে সিসকো সিস্টেমস ইনকের্পারেটেড, আইবিএম এবং এইচপির মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
