২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ ঘন্টার মাইনক্রাফট ম্যারাথন!

সবচেয়ে বেশি সময় ধরে মাইনক্রাফট খেলার বিশ্ব রেকর্ড ভাঙ্গার পণ করে মাঠে নেমেছিলেন ব্রিটিশ নাগরিক জো কেলি। টানা ৩৫ ঘন্টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড ধরে গেইমটি খেলে ক্যান্সার গবেষণার জন্য ১,৮০০ পাউন্ডের তহবিলও সংগ্রহ করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সব তথ্য প্রমাণ পাঠিয়ে এবার অপেক্ষা করছেন নতুন রেকর্ডধারী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 03:01 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

সবচেয়ে লম্বা সময় ধরে মাইনক্রাফট খেলার আগের রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার নাগরিক মার্টিস ফ্রনলিটনারের। ২০১১ সালে টানা ২৪ ঘন্টা ১০ মিনিট মাইনক্রাফট খেলার রেকর্ড করেছিলেন তিনি।  

বাজারে এখন পর্যন্ত মাইনক্রাফটের ৫ কোটি ৪০ লাখ কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ২৫০ কোটি ডলারের বিনিময়ে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান মোজ্যাং কিনে নেয় ২০১৪ সালেই।

বিবিসি জানিয়েছে, ২০১০ সালে প্রি-ডেভেলপমেন্ট সংস্করণ দিয়ে মাইনক্র্যাফট খেলা শুরু করেন কেলি। তবে গেইমটির প্রতি আসক্ত নন তিনি। সপ্তাহে কয়েক ঘন্টার বেশি খেলেন না মাইনক্রাফট।

নতুন রেকর্ড গড়ার জন্য প্রায় দেড় দিন জেগে থাকলেও এই সময়ের মধ্যে ক্যাফেইন নেননি বলে জানিয়েছেন কেলি। চিনি আর নিজের জেদ ছাড়া আর কোনো ‘স্টিমুলেন্ট’-এর শরণাপন্ন হননি তিনি।

নতুন রেকর্ড গড়ার পুরো চেষ্টাই ইউটিউবে লাইভ স্ট্রিমিং করেছেন কেলি। আর টানা দেড় দিন গেইম খেলে শরীরের উপর কোনো নেতিবাচক প্রভাব না পরলেও দুই হাতের আঙুলের ‘বারোটা বেজেছিল’ তার।

“আমার পিঠ ব্যাথা করেনি। আমার কাঁধ ব্যাথা করেনি। কিন্তু মাউস আর কিবোর্ড ধরে রাখতে রাখতে আঙুলের ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছিল।”—বলেন কেলি।