একদিনে আটকে গেল কয়েকশ’ ফ্লাইট
যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের সাড়ে ৪শ' ফ্লাইট বিলম্বিত হয়েছে অনলাইন বুকিং জটিলতার কারণে। ওয়েবসাইট, ফোনের লাইন আর এয়ারপোর্টের নানা সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, মোট ৩ হাজার ৬শ’ ফ্লাইটের মধ্যে সাড়ে ৪শ’ ফ্লাইট বিলম্বিত হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে, এক্ষেত্রে এয়ারপোর্ট নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি তারা।
প্রতিষ্ঠানটির ওয়াবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ওয়েবসাইটের কারিগরি সমস্যার কারণে নতুন বুকিং নেওয়া আর পৌঁছানো যাত্রীদের ব্যবস্থা করা সমস্যা হয়ে যায়।”
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর ক্যারিবিয়ানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমন ফ্লাইটগুলোর যাত্রীদের দুই ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে বলেছিল প্রতিষ্ঠানটি।
অপেক্ষমান এক যাত্রীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শিকাগোর মিডওয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেসব যাত্রী কাগজের বোর্ডিং পাস নিয়ে এসেছেন তাদের কোনো জটিলতার মুখে পরতে না হলেও যারা মোবাইল ফোনে টিকেট ডাউনলোড করে এনেছিলেন তাদের এয়ারলাইন কর্তৃপক্ষ লাইনে দাঁড় করিয়ে রেখেছিল লম্বা সময়। এর ফলে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কাউন্টারের সামনে ভীড় লেগে যায়।
এর আগে চলতি বছর জুলাইয়ে প্রায় একই ধরনের বিপাকে পরেছিলেন ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা। কম্পিউটারজনিত জটিলতায় বিলম্বিত হয়েছিল এয়ারলাইন্সটির কয়েকশ' ফ্লাইট।
