বাতাসের কার্বন থেকেই জ্বালানী!
জলবায়ু পরিবর্তন নিয়ে যখন উদ্বিগ্ন সারা বিশ্ব, তখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় অভিনব এক প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে কানাডিয়ান প্রতিষ্ঠান ‘কার্বন ইঞ্জিনিয়ারিং’। সরাসরি বাতাস থেকে কার্বন শোষণ করে নিয়ে তা জ্বালানীর হিসেবে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে একটি ‘পাইলট প্ল্যান্ট’ স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
ব্যবসা-বাণিজ্য বিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার জানিয়েছে, কার্বন প্রকৌশলের এই প্রকল্পে টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসসহ আরও কয়েকজন বিনিয়োগকারী রয়েছেন। এ প্রকল্পে পরীক্ষামূলকভাবে বিশালাকৃতির ফ্যান ব্যবহার করে বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় ধোঁয়া থেকে কার্বন যেভাবে ধারণ করা হয় এই প্রক্রিয়া তা থেকে ভিন্ন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। এই প্রসঙ্গে কার্বন ইঞ্জিনিয়ারিং প্রধান অ্যাডরিয়ান কর্লেস বলেন, “বায়ুমণ্ডল থেকে এখন কার্বন ডাইঅক্সাইড শোষণ সম্ভব, আর হাইড্রোজেনের সঙ্গে ব্যবহার করে এটি জ্বালানি উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে।”
এ প্রক্রিয়ায় উৎপন্ন জ্বালানির সুবিধা হচ্ছে, এটি পেট্রোল পাম্প থেকে শুরু করে অটোমোবাইল বা প্লেনের জ্বালানী হিসেবেও ব্যবহার করা যাবে। কর্লেস বলেন, “জীবাশ্ম জ্বালানি সরবরাহে এখন বিশ্বব্যাপী ৩০ লক্ষ কোটি ডলার আর খরচ করতে হবে না।”
বর্তমানে বায়ু বা সৌরশক্তির মতো বিকল্প শক্তির উৎস তৈরি হলেও, প্লেন বা যানবাহনের জ্বালানির জন্য খুব বেশি বিকল্প নেই। এ বিষয়ে কর্লেস বলেন, "আমার জন্য, এটি আসলেই রোমাঞ্চকর।"
চলতি বছর জুন থেকে চালু হয়ে ইতোমধ্যে এ প্রকল্পের মাধ্যমে ১০ টন কার্বন-ডাই-অক্সাইড শোষণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্লেস। ২০১৮ সালের মধ্যে তারা জ্বালানি বিক্রি শুরু করবেন বলেও জানান তিনি।
২০০৯ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী ডেভিড কিথ ‘কার্বন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা করেন।
