২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর এনক্রিপটেড তথ্যে নাক গলান নয়

আইফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের এনক্রিপ্টেড মেসেজে আর প্রবেশাধিকার চাইবে না ওবামা প্রশাসন। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন যাবত চলমান এক সমস্যার সাময়িক অবসান ঘটেছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও সিলিকন ভ্যালির নির্বাহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

দেশে-বিদেশে মার্কিন জাতীয় নিরাপত্তা সাংস্থা এনএসএ’র নজরদরী কর্মকাণ্ড ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্যবিষয়ে সরকারি লোকজনের ‘আবদারের’ ব্যপক সমালোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানাল ওবামা প্রশাসন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি এফবিআই ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা।

টেক জায়ান্ট অ্যাপল, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী ও ক্রিপ্টোগ্রাফারদের বক্তব্য ছিল, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি তাদের সোর্স কোড এবং এনক্রিপ্টেড কি-তে প্রশাসনগুলোকে প্রবেশাধিকার দেয়, তাহলে লাখো মার্কিনি হ্যাকিং ঝুঁকির সম্মুখীন হবে। নতুন সিদ্ধান্তটির মাধ্যমে ওই বক্তব্যের সঙ্গেই মূলত একমত প্রকাশ করল ওবামা প্রশাসন।

বৃহস্পতিবার এফবিআইয়ের পরিচালক জেমস বি. কমেই সিনেট হোমল্যান্ড সিকিউরিটি এবং গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটিকে জানান, তারা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর আর কোনো ধরনের ‘ব্যাকডোর’ পোর্টাল তৈরির জন্য চাপ প্রয়োগ করবে না।

অন্যদিকে এ প্রসঙ্গে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র মার্ক স্ট্রো বলেছেন, “প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, এনক্রিপশন দৃঢ় রাখার ব্যাপারে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তা ভঙ্গ না করে, হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে কাজ করবে যুক্তরাষ্ট্র সরকার।”

তবে বিষয়টিকে ‘আশা জাগানিয়া’ মন্তব্য করে দেশটির প্রথম সারির কম্পিউটার বিজ্ঞানী পিটার জি. নিউম্যান জানিয়েছেন, এ সিদ্ধান্তের পরেও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো পক্ষ থেকে ভয়াবহ চাপ প্রয়োগ করা হবে। এ ছাড়া সিলিকন ভ্যালির নির্বাহীরাও সরকারের গৃহীত পদক্ষেপ যথেষ্ট বলে মনে করছেন না বলেই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।