২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডসেটের ব্যবসা ছাড়বে ব্ল্যাকবেরি!

হ্যান্ডসেটের ব্যবসা ছেড়ে দিতে পারে একসময় বাজারে একচ্ছত্র আধিপত্য করে বেড়ানো কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি। প্রতি বছর ৫০ লাখ স্মার্টফোন বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। আর সেই লক্ষ্য অর্জন করতে না পারলে ২০১৬ সাল নাগাদ স্মার্টফোন ব্যবসা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন চেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কোড মোবাইল কনফারের্সে দেওয়া এক স্বাক্ষাৎকারে ওই ইঙ্গিত করেন ব্ল্যাকিবেরি প্রধান। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৫০ লাখ স্মার্টফোন বিক্রির লক্ষমাত্রা নির্ধারণ করেছে বলে জানান চেন। আর ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে ব্যবসার এই খাতটি একেবারেই ছেড়ে দেওয়ার ইঙ্গিত করেন তিনি।

ওয়্যার্ড ডটকম জানিয়েছে, ব্ল্যাকবেরি প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘ব্ল্যাকবেরি প্রিভ’ লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। ব্ল্যাকবেরির কোয়ার্টি কিবোর্ড থাকবে এতে। পাশাপাশি অ্যান্ড্রয়েডের সব অ্যাপ আর সেবাও চলবে। ব্ল্যাকবেরির নিজস্ব কিছু সেবা ও ফিচারও থাকবে এতে।

প্রতিষ্ঠানটির নিজস্ব বিবি১০ ওএস ব্যবহার করা না হলেও প্রিভের অ্যান্ড্রয়েড ওএসের সঙ্গে ব্ল্যাকবেরির নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চেন। আর ডিভাইসটির এই ফিচার ক্রেতাদের আকৃষ্ট করবে বলে মনে করছেন তিনি। 

প্রযুক্তিপণ্যের বাজারে স্মার্টফোন যুগের শুরু ব্ল্যাকবেরির হাত ধরে। বাজারে ব্ল্যাকবেরির এক সময়ে যে একচ্ছত্র আধিপত্য ছিল তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ছিল ঈর্ষণীয়। সেই ‘স্বর্ণযুগ’ হারিয়েছে ব্ল্যাকবেরি। আইফোন আর অ্যান্ড্রয়েডের দৌরাত্বে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত।