২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে চালকবিহীন ট্যাক্সি

চালকবিহীন গাড়ির খাতে নতুন লক্ষ্য নিয়ে এলো রোবট ট্যাক্সি ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠান। ২০২০ সালের মধ্যে জাপানের বাজারে চালকবিহীন ট্যাক্সি আনার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 01:24 PM

অর্থ ও বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ২০১৬ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে চালকবিহীন ট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকে বাণিজ্যিকভাবে এটি আনার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

টোকিও’র দক্ষিণ থেকে এ ট্যাক্সি চলার জন্য কিছু সহজ পথ বেছে নেওয়া হবে। বাসা থেকে দৈনন্দিন জীবনের দরকারি কোনো পণ্য কিনতে যাচ্ছেন এমন লোকেরাই হবেন এর যাত্রী।

রোবট ট্যাক্সি হচ্ছে ইন্টারনেট প্রতিষ্ঠান ডেনা আর চালকবিহীন গাড়ি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জেডএমপি’র যৌথ উদ্যোগে বানানো একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী প্রযুক্তিখাতের উন্নয়নে এটি জাপানি সরকারের চেষ্টার একটি অংশ বলে দাবী করেছে প্রতিষ্ঠানটি।

জাপানি অটোমোবাইল জায়ান্ট টয়োটাও দেশটির পথে বৃদ্ধদের চলাচলের সুবিধা বাড়ানোর উপর জোর দিচ্ছে। সারা বিশ্বে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ রয়েছে এমন দেশগুলোর মধ্যে জাপান একটি হওয়ায়, বৃদ্ধদের জীবন সহজ করাটাও এখাতের একটি লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। সেই সঙ্গে প্রতিবন্ধীদের চলাচলে সহায়তা করার উদ্দেশ্যও থাকছে।

চালকবিহীন গাড়ি বানানো নিয়ে দিন দিন বড় প্রযুক্তি প্রতিষ্ঠান আর অটোমোবাইল নির্মাতাদের আগ্রহ বাড়ছে। যুক্তরাষ্ট্র, জার্মানি আর জাপানের প্রযুক্তি ও অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো এই একই লক্ষ্যে কাজ করছে।