২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল-গুগলকে তাড়াচ্ছে অ্যামাজন

গুগল আর অ্যাপলের ভিডিও স্ট্রিমিং টিভি ডিভাইসগুলো নিজেদের সাইট থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ওই ডিভাইসগুলো অ্যামজনের নিজস্ব মিডিয়া সার্ভিসের সঙ্গে ‘না চলায়’ এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

বিবিসি জানিয়েছে, ‘গ্রাহকদের বিভ্রান্তি’ দূর করতে ২৯ অক্টোবর থেকে এ ডিভাইসগুলো সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিজেদের ভিডিও স্ট্রিমিং সেবা প্রাইম ভিডিও’র সঙ্গে চলে এমন পণ্যই কেবল বিক্রি করতে চায় অ্যামাজন। নিজেদের ফায়ার টিভির সঙ্গে মাইক্রোসফট এক্সবক্স বা সনি প্লেস্টেশনের মতো যে সব ডিভাইসে প্রাইম ভিডিও ব্যবহার করা যায়, কেবল ওই সব ডিভাইস রাখা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি গুগল তাদের ক্রোমকাস্ট টিভির নতুন সংস্করণ উন্মোচন করে আর এ মাসেই অ্যাপলের টিভির সর্বশেষ সংস্করণ বের হওয়ার কথা রয়েছে।

অ্যাপল টিভি আর গুগল ক্রোমকাস্টে প্রাইম ভিডিও ব্যবহার করা যায় না।

এতদিন গ্রাহক সংখ্যা বাড়াতে নিজেদের কনটেন্টের পরিধি ক্রমেই বড় করছিল অ্যামাজন। এমন সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটি গ্রাহক হারাতে পারে বলে মনে করেন এডিসন ইনভেস্টমেন্ট রিসার্চের বিশ্লেষক রিচার্ড উইন্ডসর।

তিনি বলেন, “এ পদক্ষেপ থেকে বুঝা যায়, অ্যামাজন ব্যবহারকারীদের প্রতিদ্বন্দীদের সেবা থেকে দূরে রাখতে যা যা করা সম্ভব সবই করছে।”

বই প্রকাশকদের ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করেছিল অ্যামাজন। ২০১৪ সালে এটি হ্যাচেট প্রকাশনার কিছু বইয়ের প্রি-অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছিল। অনেক গ্রন্থকার এমন পদক্ষেপের কারণ ক্ষুদ্ধ হোন এবং অ্যামাজন ‘অপ্রতিযোগিতামূলক’ আচরণ করছে বলে অভিযোগ করেন।