অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ
বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত আগের চেয়ে উন্নত হয়েছে অ্যাপল ম্যাপ। কিন্তু এখনও ব্যবহারকারীদের কাছে গুগল ম্যাপের স্থান নিতে পারেনি এটি। এতদিন অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য অ্যাপল ম্যাপই ছিল একমাত্র ভরসা। কিন্তু এখন গুগল ম্যাপে নতুন আপডেটের কারণে তা অ্যাপল ওয়াচেও ব্যবহার করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, অ্যাপল ওয়াচ থেকে সরাসরি গুগল ম্যাপ চালু করলে তা ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের মতোই ব্যবহার করা যাবে। কিন্তু এতে পুরো ম্যাপ পাওয়া যাবে না। স্ক্রিনে জোরে চাপ দিলে তা ব্যবহারকারীকে তার দিকনির্দেশনা ঠিক করতে সহায়তা করবে। সেই সঙ্গে আগের জায়গাগুলোতে 'কুইক ট্যাপ' করে যাওয়ার সুবিধাও থাকছে।
ব্যবহারকারীর স্মার্টফোনে কোনো জায়গার রাস্তা ঠিক করা থাকলে, তা ব্যবহারকারীর অ্যাপল ওয়াচেও দেখাবে। প্রতিটি জায়গায় যাওয়ার সময় সম্ভাব্য কতোটুকু সময় লাগবে তাও দেখা যাবে অ্যাপল ওয়াচে।
হাঁটা বা গাড়ি চালানোর সময় কোনো দিক নির্দেশনা ঠিক করার ক্ষেত্রে নতুন সুবিধা আনা হয়েছে এই আপডেটে। তবে, এখন শুধু অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
গুগল ম্যাপের নতুন এই আপডেট আইটিউন অ্যাপ স্টোর থেকে ইনস্টল করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
