চীনে অ্যাপল মিউজিক
চীনে ‘আইটিউনস মুভিস’ আর ‘আইবুকস’সহ অ্যাপল মিউজিক সেবা চালু করেছে অ্যাপল। সেইসঙ্গে চলতি বছরেই দেশটির অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য ক্লাউডভিত্তিক মিউজিক স্ট্রিমিং সেবাটি চালু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শেয়ার বাজারে মন্দাবস্থার সঙ্গে ডলারের বিপরীতে চীনা মুদ্রার সাম্প্রতিক দরপতনে দেশটিতে অ্যাপলের বাণিজ্যে উর্দ্ধগতি ইতোমধ্যেই কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে চীনে বাণিজ্য সম্ভাবনা শেয়ারহোল্ডারদের বোঝাতে যখন অ্যাপলের বেগ পেতে হচ্ছে তখনই এই নতুন সেবার খবর জানাল মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিন মাসের ট্রায়াল মেম্বারশিপের শেষে মাসিক ১০ ইউয়ানের বিনিময়ে ব্যবহারকারীরা অ্যাপল মিউজিক অ্যাকসেস করতে পারবেন— এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপল।
বর্তমান বিনিময় হারে ১০ ইউয়ান ১.৫৭ মার্কিন ডলারের সমান।
অ্যাপল মিউজিকে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে ইয়েসন চ্যান, লি রোংহাউ, জেজে লিন আর জি. ই. এম-এর মতো চীনের স্থানীয় শিল্পীদের গান রাখা হবে। ব্যবহারকারীরা আইটিউনস মুভিস থেকে বাছাইকৃত চীনা ও হলিউডি মুভি কিনতে ও ভাড়া নিতে পারবেন।
পুরানো হাই ডেফিনেশনের মুভিগুলো ভাড়ার জন্য ৫ ইউয়ান আর নতুন মুক্তি পাওয়া হাই ডেফিনেশন মুভিগুলো কেনার জন্য ১৮ ইউয়ান খরচ করতে হবে দর্শককে। আর আইবুকসের দাম আধা ইউয়ান থেকে শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
