অস্ট্রেলিয়ায় প্রাথমিক সিলেবাসে কোডিং
অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরেই যোগ হচ্ছে কোডিং ও প্রোগ্রামিং। শুক্রবার ইতিহাস আর ভূগোলের জায়গায় কোডিং ও প্রোগ্রামিং যোগ করার এই পদক্ষেপ নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক স্কুলের পঞ্চম বর্ষ থেকে কম্পিউটার কোডিং আর সপ্তম বর্ষ থেকে প্রোগ্রামিং শেখানো হবে শিক্ষার্থীদের। জাতীয় কারিকুলাম আরও ছোট করার অংশ হিসেবে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ক্রিস্টোফার পাইন— জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
প্রাথমিক স্কুল থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর গণিতের (STEM) মতো বিষয়গুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে সাম্প্রতিক সময়ে জোর দেওয়া হচ্ছে দেশটির শিক্ষাখাতে। বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনী খাতে অগ্রগতি আর ভবিষ্যতে কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের লক্ষ্যের সঙ্গে মিল রেখেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
চারটি আলাদা স্টেম খাতের জন্য ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বরাদ্দ করছে দেশটির সরকার। এক বিবৃতিতে পাইন বলেন, “এখন আর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার উৎপাদনক্ষমতা আর অর্থনৈতিক উন্নয়নের জন্য উচ্চমানের স্টেম শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। আমরা স্কুলের স্টেম শিক্ষা ঢালাওভাবে সাজাতে মনোযোগ দিচ্ছি আর শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে স্টেম নিয়ে দিকনির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করছি।”
চলতি বছর শুরুর দিকে দেশটির বিরোধীদলীয় নেতা বিল শর্টেন প্রাথমিক স্কুলে কোডিং আনার বিষয়ে প্রস্তাব এনেছিলেন। কিন্তু সে সময়কার প্রধানমন্ত্রী তা পছন্দ করেননি। “তিনি কি তাদের সবাইকে ১১ বছর বয়সেই কাজে পাঠাতে চান?”- বিদ্রুপ করে এমন পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
