২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইক বিমুখ পোপ ফ্রান্সিস!

পোপ ফ্রান্সিসের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা এখন ৭৪ লাখ। কিন্তু তার মানে এই নয় যে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আরও জনপ্রিয়তা চাই তার। বরং বর্তমান এই প্রযুক্তিনির্ভরতার যুগে অনেক ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জন্য পোপ দুষছেন ‘ভোক্তাবাদী সংস্কৃতিকে’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 04:41 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ওয়েইননিউডে অবস্থিত সেইন্ট চার্লস বরোমিও সেমিনারিতে মার্কিন বিশপদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

পোপ ফ্রান্সিস তার বক্তব্যে বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি যে বর্তমান অনেক সমস্যার শিকড়ে রয়েছে মৌলিক একাকিত্ব, যার ভুক্তভোগী এখনকার অনেকেই। সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লাইক আর ফলোয়ারের পিছনে ছুটছে।”

তিনি আরও বলেন, “এখন ভোক্তাবাদী সংস্কৃতি ঠিক করে দেয় কোনটা গুরুত্বপূর্ণ, সম্পর্ক, বন্ধুত্ব, ধর্ম। এখন সামাজিক সম্পর্কগুলো নিজের প্রয়োজন মেটানোর উপায় মাত্র।”

মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় দিনের সফরের শেষ দিনে ওই ভাষণ দিলেন পোপ ফ্রান্সিস। ফিলাডেলফিয়ায় ১৫ লাখ ভক্তের উপস্থিতিতে আয়োজিত এক প্রার্থনা সভার মাধ্যমে সফর শেষ করবেন তিনি।