নেট অপরাধ ঠেকাতে একমত যুক্তরাষ্ট্র-চীন
সাইবার নিরাপত্তা ইসু নিয়ে নতুন সমঝোতায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের উপর প্রাতিষ্ঠানিক ও সংঘবদ্ধ নজরদারি চালানো এবং গোপন তথ্য চুরির জন্য পরিচালিত কোনো সাইবার অভিযানে অংশগ্রহন না করা এবং সমর্থন না দেওয়ার ব্যাপারে পারস্পরিক সমঝোতায় এসেছেন উভয় দেশের রাষ্ট্রপতি।
২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে রোজ গার্ডেনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সাইবার নিরাপত্তা ইসু নিয়ে নতুন এই সমঝোতার ঘোষণা দেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার নতুন এই সমঝোতার খবর জানান মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। চীনা নেতা শি জিনপিং-এর সঙ্গে উভয় দেশের ব্যবসায় প্রতিষ্ঠানের গোপন ডেটা চুরির জন্য পরিচালিত কোনো রকমের সাইবার অভিযানে অংশ না নেওয়া এবং সমর্থন না দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মলনে নতুন এই সমঝোতা উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অগ্রগতি হিসেবে বিবেচনা করলেও সংবাদ সম্মেলনে ওবামা বলেন “একটা বিষয়ে জোর দিতেই হবে যে, আমাদের কাজ এখনও শেষ হয়নি।”
ব্যবসা প্রতিষ্ঠানের গোপন ডেটা চুরির লক্ষ্যে পরিচালিত কোনো প্রকল্পে জেনে শুনে সমর্থন জানানো হবে না বলে মার্কিন রাষ্ট্রপতির বক্তব্যে সায় দেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-ও।
