২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯ ডলারে ভিআর হেডসেট 

বৃহস্পতিবার ‘অকুলাস কানেক্ট’ সম্মেলনে ৯৯ ডলার দামের নতুন ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট ‘স্যামসাং গিয়ার ভিআর’ উন্মোচন করেছে অকুলাস ও স্যামসাং। ২০১৫ সালে স্যামসাংয়ের বাজারজাতকৃত সবগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করা যাবে বর্তমানের সবচেয়ে সাশ্রয়ী ভিআর হেডসেটটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বর মাসে বাজারে অভিষেক হবে নতুন ‘স্যামসাং গিয়ার ভিআর’ হেডসেটের। গ্যালাক্সি নোট ৫ থেকে শুরু করে এস৬, এস৬ এজ এবং এস৬ এজপ্লাসের সঙ্গেও ব্যবহার করা যাবে এটি।

গিয়ার ভিআর-এর আগের সংস্করণের তুলনায় দাম অর্ধেক স্যামসাং ও অকুলাসের তৈরি নতুন গিয়ার ভিআর হেডসেটের।

গিয়ার ভিআরের আগের মডেলের থেকে ২২ শতাংশ হালকা নতুনটি। ডিভাইসটির ট্র্যাকপ্যাডে ‘ট্যাকটাইল ডাইরেকশনাল প্যাড’ ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারী হাত রেখেই বুঝতে পারবেন তার আঙুল কোথায় আছে।

নতুন ভিআর হেডসেটটির সঙ্গে ‘গিয়ার ভিআর গেইমপ্যাড’ বাজারজাত করবে স্যামসাং। এক্সবক্স গেইমিং কনসোলের কন্ট্রোলারের ‘ডুয়াল-স্টিক’ ডিজাইনের সঙ্গে গেইমপ্যাডটির ডিজাইনে মিল আছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। ‘অকুলাস কানেক্ট’ সম্মেলনে অংশগ্রহনকারীরা গেইমপ্যাডটি পেয়েছেন বিনামূল্যে। 

প্রযুক্তি পণ্যের বাজারে এখনও অভিষেক হয়নি অকুলাসের ফ্ল্যাগশিপ ভিআর হেডসেটের। তবে কার্যক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের জন্য ডিভাইসটিকে বাড়তি গেইমিং কম্পিউটারের সঙ্গে জুড়ে দিতে হবে, তাই এর বাজার তুলনামূলক ছোট হবে বলে মন্তব্য করেছে টেকক্রাঞ্চ। তবে নতুন ‘গিয়ার ভিআর’ আর ‘গুগল কার্ডবোর্ড’-এর মতো সহজে বহনযোগ্য হেডসেটগুলো প্রযুক্তি ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পাবে বলে মনে করছে সাইটটি।