২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ কোটিতে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন ৪০ কোটি। অনলাইন মোবাইল ফটো-শেয়ারিং সেবাটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি বেড়েছে এক বছরেরও কম সময়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 04:22 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরেই বিশ্বব্যাপী ৩০ কোটি ব্যবহারকারীর মাইলস্টোন স্পর্শ করার ঘোষণা দিয়েছিল ইনস্টাগ্রাম।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপটির ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ছবি আপলোড করেন। আর প্রতিষ্ঠানটির নিয়মিত ব্যবহারকারীর ৭৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন।

১৮ মাসের ব্যবধানে অ্যাপটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল ডটকম। ২০১৪ সালের মার্চে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ কোটি।

ইনস্টাগ্রাম এগিয়ে গেলেও গতি হারিয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। এক সময়ে ফেইসবুকের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরের এপ্রিল মাসে ৩০ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে প্রতিষ্ঠানটি। ঠিক এক বছর আগে প্রতিষ্ঠানটির ব্যবহারকারীর সংখ্যা ছিল সাড়ে ২৫ কোটি।