জালিয়াতিতে একা নয় ফোকসভাগেন!
‘এমিশন টেস্ট’ জালিয়াতির সঙ্গে জড়িত একমাত্র ইউরোপিয়ান অটোমোবাইল নির্মাতা নয় ‘ফোকসভাগেন’ (‘ভক্সওয়াগন’ নামে বহুল পরিচিত)। ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্ট’ (আইসিসিটি)-এর এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ফোকসভাগেনের মতো এমিশন টেস্টে জালিয়াতির আশ্রয় নিয়ে থাকতে পারে জার্মান নির্মাতা অউডি, বিএমডব্লিউ, মার্সেডিজ-বেঞ্জ এবং ওপেলের মতো একাধিক প্রতিষ্ঠান।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফোকসভাগেনের এমিশন টেস্ট জালিয়াতি নিয়ে আলোচনার ঝড়ের মধ্যেই আইসিসিটির গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে একাধিক ইউরোপিয়ান অটোমোবাইল নির্মাতার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয় সংস্থা ‘ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনভায়রনমেন্ট’ (টিঅ্যান্ডই)।
ইউরোপের বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে টিঅ্যান্ডই জানিয়েছে অউডি, বিএমডব্লিউ, মার্সেডিজ-বেঞ্জ এবং ওপেলের মতো একাধিক প্রতিষ্ঠানের তৈরি গাড়ি থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ আইনসিদ্ধ পরিমাণের থেকে বেশি।
“একটি ডিজেলচালিত অউডি এ৮ থেকে আইনসিদ্ধ পরিমাণের তুলনায় ২১.৯ গুণ, বিএমডব্লিউ এক্স৩ ডিজেল থেকে ৯.৯ গুণ এবং ওপেল জাফিরা থেকে ৯.৫ গুণ বেশি নাইট্রোজেন নিঃসরণ হয়”-- জানিয়েছে টিঅ্যান্ডই।
সংস্থাটি আরও জানিয়েছে, ল্যাবরেটরির বাইরে পরিচালিত পরীক্ষায় প্রতিটি মার্সেডিজ-বেঞ্জ মডেলের গাড়ির কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ ছিল ৫০ শতাংশ বেশি। বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়িগুলো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণও ছিল প্রায় ৫০ শতাংশ বেশি।
টিঅ্যান্ডই একাধিক প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পরও চুপ করে আছে ওই অটোমোবাইল নির্মাতারা। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকছে প্রতিষ্ঠানগুলো।
