‘বাগ’-এর মুখে ওয়াচওএস ২
অ্যাপল নির্মিত স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম ‘ওয়াচওএস ২-তে ‘বাগ’ ধরা পড়েছে। এ কারণে পূর্বঘোষিত সময় পেরিয়ে গেলেও এ অপারেটিং সিস্টেমটির বাজারজাত এখনো শুরু হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করার কথা ছিল। তবে সেদিন সকালেই সংবাদমাধ্যমে এই বিলম্বের কথা জানিয়ে বিবৃতি প্রকাশ করে অ্যাপল।
এই বিশেষ বাগটি দূর করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগছে বলে বিবৃতিতে বলা হয়েছে। শীগ্রই সব সমস্যা সমাধান করে ওয়াচওএস ২ বাজারজাত শুরু হবে বলে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ওয়াচওএস- এর এই নতুন আপডেটে ই-মেইল 'রিপ্লাই' এবং উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাপ চালানো সহজ হবে বলে জানিয়েছে সিনেট। এছাড়া নতুন অপারেটিং সিস্টেমে ওয়াচটি আগের চেয়ে দ্রুতগতিতে কাজ করবে বলে সাইটটিতে জানাও হয়।
ঠিক কবে নাগাদ এর সমস্যা সমধান হবে তা নিয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
নতুন ওএসের অন্যতম ফিচার হচ্ছে ‘টাইম ট্রাভেল’। অ্যাপল ওয়াচের ডিজিটাল ক্রাউন ব্যবহার করে দিনের বাকি সময় কী কী কাজ করতে হবে সেই তালিকার উপর নজর বুলিয়ে নিতে পারবেন ব্যবহারকারী। ক্যালেন্ডার, আবহাওয়া এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য দেখাবে অ্যাপল ওয়াচ।
এছাড়াও অ্যাপল ওয়াচ থেকেই সিরির মাধ্যমে মেইলের উত্তর দেওয়ার ফিচার যোগ হয়েছে স্মার্টওয়াচটির নতুন ওএসে। যোগ হয়েছে ফেইসটাইম অডিও, আরও উন্নত করা হয়েছে অ্যাপল পে সেবা।
