আইফোন নকল বন্ধ কর: স্যামসাংকে আদালত
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংকে আইফোনের বিভিন্ন ফিচার নকল করা বন্ধ করতে নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। পেটেন্ট ইসু নিয়ে প্রযুক্তি পণ্যের বাজারে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ২০১২ সালে শুরু হওয়া আইনী লড়াইয়ের সর্বশেষ রায় এটি।
মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনের উচ্চ আদালতের সর্বশেষ রায়ে আইফোনের স্লাইড টু আনলক, অটোকারেক্ট এবং কুইক লিঙ্ক সফটওয়্যার ফিচার নকল করে নিজস্ব স্মার্টফোনে ব্যবহার বন্ধ করতে স্যামসাংকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার রায় স্যামসাংয়ের বিপক্ষে গেলেও বড় কোনো ক্ষতির মুখে পরছে না স্যামসাং। ২০১২ সালে ওই মামলা দায়ের হওয়ার পর থেকে ওই ফিচারগুলো কয়েকবার আপডেট করেছে প্রতিষ্ঠানটি। যার ফলে অ্যাপলের ফিচারগুলোর সঙ্গে ওই ‘বিতর্কিত’ ফিচারগুলোর এখন কোনো মিল নেই বললেই চলে।
অন্যদিকে গ্যালাক্সি এস৩-এর মতো যে স্মার্টফোনগুলোতে ওই বিতর্কিত ফিচারের উপস্থিতি ছিল, প্রযুক্তিপণ্যের বাজারে এখন ওই ডিভাইস খুঁজে পাওয়াও বেশ কষ্টকর।
ওই মামলার প্রাথমিক রায়ে পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে ১২ কোটি মার্কিন ডলার জরিমানা করেছিল মার্কিন আদালত।
শুনানির পরে এক প্রতিক্রিয়ায় স্যামসাং জানিয়েছে, আদালতের নির্দেশ মাথায় রেখে স্যামসাং স্মার্টফোন আগের মতো স্বাভাবিকভাবেই বাজারজাত করা হবে।
