২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতিতে অভিযুক্ত ফোকসভাগেন

মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেনের (‘ভক্সওয়াগন’ নামেই বেশি পারিচিত) বিরুদ্ধে এমিশন টেস্ট ছাড়াই প্রায় ৫ লাখ গাড়ি বাজারজাতের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ)। অভিযোগে বলা হয়, এমিশন টেস্ট এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ সফটওয়্যার প্রস্তুত করে তা গাড়িতে ব্যবহার করে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 12:26 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

ম্যাশএবল জানিয়েছে, গত কয়েক বছরে অউডি এ৩, ভক্সওয়াগন গলফসহ প্রায় ৪ লাখ ৮২ হাজার গাড়ি প্রস্তুত করে প্রতিষ্ঠানটি। অভিযোগ করা হয়েছে— ওই গাড়িগুলোতে বিশেষ সফটওয়্যার দেওয়া হয়েছে। এর ফলে, এমিশন টেস্টের সময় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির এমিশন কন্ট্রোল সিস্টেম সিস্টেম চালু হয়ে যায়। তবে অন্য সময় এই সিস্টেম বন্ধ থাকে যার ফলে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ ৪০ গুণ বেশি হতে পারে বলে জানিয়েছে ইপিএ।

অতিরিক্ত এই নাইট্রোজেন নিঃসরণের ফলে মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে।

এই ধরনের সফটওয়্যার ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ আইনের পরিপন্থী বলে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে ম্যাশএবল। গত বছরের নভেম্বর মাসে এই আইন ভঙ্গের অভিযোগে ১০ কোটি ডলার জরিমানার মুখে পড়ে মোটর নির্মাতা প্রতিষ্ঠান হিউন্দাই এবং কিয়া।

এমিশন কন্ট্রোলের ফিচারটি সাধারণত ইঞ্জিনের ক্ষমতা খানিকটা কমিয়ে দেয়। ইঞ্জিনের শক্তি না কমানোর জন্যই মূলত ফোকসভাগেন গাড়িগুলোতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির গবেষকরা প্রথম এই সফটওয়্যারটি শনাক্ত করেন। এরপর ইপিএ এবং ক্যালফোর্নিয়া এয়ার রিসার্চ বোর্ডের জিজ্ঞাসার পর ফোকসভাগেনের পক্ষ থেকে এই সফটওয়্যার ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হয়।

এই অবস্থায় বিতর্কিত সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এমন গাড়িগুলো ক্রেতা থেকে ফেরত নেওয়া হবে কিনা তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে ম্যাশএবল। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সাইটটিতে জানানো হয়।

ইতোপূর্বে বাজারজাতের পরে বিভিন্ন প্রতিষ্ঠান গাড়িতে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করলেও সরাসরি মোটরগাড়ি নির্মাতা কোনো প্রতিষ্ঠান তা করেনি।

অবশ্য যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রি হওয়া ফোকসভাগেন এবং অউডি গাড়িতে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির অনুরোধের পর ইউটিউব থেকে ডিজেল মডেলের সব ফোকসভাগেন গাড়ির বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।