চীনা অ্যাপ স্টোরে ম্যালওয়্যার
চীনে ম্যালওয়্যার সংক্রমণের শিকার হয়েছে অ্যাপলের অ্যাপ স্টোর। আইপ্যাড এবং আইফোনে বহুল ব্যবহৃত বেশ কয়েকটি অ্যাপ থেকে ‘এক্সকোডঘোস্ট’ ম্যালওয়্যার সংক্রমণের শিকার একাধিক অ্যাপ সরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
অ্যাপলের অ্যাপ স্টোরের উপর হ্যাকারদের এটিই প্রথম কোনো বড় মাপের সাইবার আক্রমণ বলে জানিয়েছে বিবিসি। হ্যাকাররা প্রথমে আইওএস অ্যাপ তৈরিতে ব্যবহৃত অ্যাপের ভুয়া সংস্করণ তৈরি করে ডেভেলপারদের মধ্যে ছাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছে সাইটটি। পরবর্তীতে ওই নকল সফটওয়্যার ব্যবহার করে তৈরি আইওএস অ্যাপের মাধ্যমেই অ্যাপ স্টোরে ছড়িয়ে পরেছে ‘এক্সকোডঘোস্ট’ ম্যালওয়্যার।
অ্যাপলের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ম্যালওয়্যাটি ব্যবহারকারীদের গোপন ডেটা চুরি করে হ্যাকারদের সার্ভারে পাঠিয়ে দিচ্ছিল। এটি ব্যবহার করে হ্যাকাররা ব্যাবহারকারী ডিভাইসে ভুয়া সতর্কবার্তা পাঠিয়ে স্পর্শকাতর ও গোপন তথ্য দিতেও বাধ্য করত বলে জানিয়েছে অ্যাপল।
ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে তৈরি অ্যাপগুলো অ্যাপ স্টোর থেকে ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। সংক্রমণের শিকার অ্যাপের সিংহভাগ চীনের বাজারের জন্য তৈরি হলেও বিজনেস কার্ড রিডার অ্যাপ ‘ক্যামকার্ড’-এর মতো কয়েকটি অ্যাপ বিশ্ববাজারেও প্রচলিত ছিল বলে জানিয়েছে বিবিসি।
ম্যালওয়্যার সংক্রমণের শিকার অ্যাপগুলোর মধ্যে আছে উইচ্যাট, নেটইজের গান ডাউনলোড করার অ্যাপ আর ডিডি কুয়াইদির ট্যাক্সি ভারা করার অ্যাপ।
