২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ সেপ্টেম্বর গুগল ইভেন্ট

২৯ সেপ্টেম্বর  যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোর স্থানীয় সময় সকাল নয়টায় প্রেস ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। প্রাতিষ্ঠানিক কাঠামোতে আমূল পরিবর্তন আনার পর এটিই হবে বড় পরিসরে গুগলের প্রথম সংবাদ সম্মেলন।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 11:33 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

প্রেস ইভেন্ট নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু করে দিয়েছে সংবাদমাধ্যমগুলো। গুগলের নতুন প্রধান সুন্দর পিচাই আসার পর এটিই গুগলের প্রথম বড় কোনো আয়োজন। তাই  বড় চমকের প্রত্যাশাও করছে সংবাদমাধ্যমগুলো। 

এবার দুটি নতুন নেক্সাস স্মার্টফোন উন্মোচনের গুজব রটেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক মার্কিন ওয়েবসাইট দ্য ভার্জ। স্মার্টফোন দুটির একটি দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি আর অন্যটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই-এর হতে পারে বলে জানিয়েছে সাইটটি।

সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া প্লেয়ার ক্রোমকাস্ট-এর আপডেট আনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

গুগলের সঙ্গে যুক্ত সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, নতুন দুই স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে।

এলজি নেক্সাস ৫এক্স-এ ৫.২ ইঞ্চি আর নেক্সাস ৬পি-তে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহারের গুজব রয়েছে বলে জানিয়েছে সাইটটি।

ক্রোমকাস্ট-এর কনটেন্ট ফিড, উন্নত ওয়াই-ফাই আর ফাস্ট প্লে-এর মতো ফিচার আনা হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ফাস্ট প্লে’র মাধ্যমে ‘কাস্ট’ বাটন চেপে অন্য কোনো ডিভাইসের সঙ্গে জলদি এর সংযোগ দেওয়া যাবে।