৫০ ডলারে অ্যামাজন ট্যাবলেট
৭ ইঞ্চির নতুন ‘ফায়ার ট্যাবলেট’ বাজারজাত করার ঘোষণা দিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট ও ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অ্যামাজন। নতুন এই ট্যাবলেটের দাম ধরা হয়েছে ৫০ মার্কিন ডলার।
‘সস্তা’ এই ট্যাবলেটটি অ্যামাজনের ফায়ার এইচডি বা ফায়ার এইচডিএক্স এর কোনো নতুন সংস্করণ নয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক মার্কিন ওয়েবসাইট দ্য ভার্জ। ১০২৪ বাই ৬০০ পিক্সেল রেজুলিউশনের ৭ ইঞ্চি আইপিএস পর্দার ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর।
১ জিবি র্যামের পাশাপাশি ৮ জিবি স্টোরেজ থাকবে ওই ডিভাইসে। অ্যামাজনের নিজস্ব ফায়ার অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে চলবে ট্যাবলেটটি। একবার পুরো চার্জ দিলে এটি ৭ ঘন্টা চলবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ট্যাবলেট স্যামসাং ট্যাব ৩ লাইট থেকে দ্বিগুণ প্রসেসিং ক্ষমতাসম্পন্ন এবং আইপ্যাড এয়ারের তুলনায় দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছে নির্মাতা অ্যামাজন।
অন্যদিকে বাচ্চাদের জন্য ফায়ার কিডজ সংস্করণ আনছে অ্যামাজন। ফায়ার কিডজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার।
ফায়ার ট্যাবলেটটির জন্য নতুন ‘সিক্স-প্যাক’ অফারও চালু করেছে প্রতিষ্ঠানটি। এই অফারে পাঁচটি ‘ফায়ার ট্যাবলেট’ কিনলে ষষ্ঠটি বিনা মূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছে দ্য ভার্জ।
