২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইরাসের কবলে অনলাইন পোকার

অনলাইন পোকার খেলোয়ারদের তথ্য হাতিয়ে নেয় এমন কম্পিউটার ভাইরাস খুঁজে পেয়েছে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ইসেট। নিরাপত্তা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু ভার্চুয়াল কার্ডের তথ্য নয়, ব্যবহারকারীর কম্পিউটার থেকে লগইন আইডি ও পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করে থাকে ওই ভাইরাসটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পোকার আরও ভালোভাবে খেলতে সাহায্য করার লক্ষ্য নিয়ে তৈরি সফটওয়্যারের সঙ্গে জুড়ে গিয়ে কম্পিউটারে লুকিয়ে থাকে ওই ভাইরাস।

পোকার খেলোয়ারদের ভার্চুয়াল কার্ডের যাবতীয় তথ্য, লগইন আইডি ইত্যাদি হাতিয়ে নেয়। অনলাইনে পোকার খেলার সময় গেইমারের হাতের কার্ডগুলোর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেয় নির্মাতার কাছে। পরবর্তীতে সেসব তথ্যের ভিত্তিতে ওই অনলাইন গেইমে যোগ দিয়ে খেলা শুরু করেন ভাইরাসের নির্মাতা।

ইসেটের সাইবার নিরাপত্তা গবেষক রবার্ট লিপোভস্কি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ভাইরাসটি ‘পোকারস্টার্স’ ও ‘ফুল টিল্ট পোকার’ সাইটের খেলোয়ারদের টার্গেট করে থাকে।

বিবিসির তথ্য অনুযায়ী, অনলাইনের পোকার খেলার সাইট দুটির যে কোনো একটিতে লগইন করা মাত্র খেলোয়ারদের হাতে কী কার্ড রয়েছে, সে বিষয়ক তথ্য স্ক্রিনশটের মাধ্যমে পাঠানো শুরু করে ভাইরাসটি।    

বহুল পরিচিত বেশ কিছু সংখ্যক ফাইল-শেয়ারিং অ্যাপ্লিকেশনেও ভাইরাস খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ইসেট। ভাইরাসটি বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং এটির কারণে পূর্ব ইউরোপ, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের পোকার খেলোয়াররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।