২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোট বাঁধছে উবার প্রতিদ্বন্দ্বীরা

একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মার্কিন পরিবহণ সেবা প্রতিষ্ঠান উবারের দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিফট এবং ডিডি কুয়াইদি। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে স্যান ফ্রানসিসকোভিত্তিক লিফট এবং চীনের প্রতিষ্ঠান ডিডি কুয়াইদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 03:25 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

সিএনএন জানিয়েছে, ২০১৬ সালের শুরু থেকেই নতুন চুক্তির সুবিধা ভোগ করতে পারবেন ভ্রমণকারীরা। চীনে ভ্রমণের সময় লিফট অ্যাপের মাধ্যমে মার্কিনরা ডিডি কুয়াইদির ট্যাক্সি ভাড়া করতে পারবেন। আবার একই সেবা পাবেন ডিডি কুয়াইদির ব্যবহারকারীরা। তবে উভয় ক্ষেত্রেই ভ্রমণকারীকে মার্কিন ডলারে মূল্য পরিশোধ করতে হবে।

লিফট-এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে ২০১৪ সালে ৮০ লাখ মানুষ চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যাওয়া আসা করেছেন। নতুন ওই চুক্তির মাধ্যমে উবারকে পেছনে ফেলার আশা করছে প্রতিষ্ঠান দুটি। লিফত-এর সহ-প্রতিষ্ঠাতা জন জিমার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি শুরু মাত্র।’

ইতোমধ্যেই লিফটে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে ডিডি। তবে পরিবহণ সেবাতে উবারকে পিছনে ফেলা সত্যিই কষ্টকর। লিফট-এর প্রাতিষ্ঠানিক মূল্য যেখানে আড়াইশ’ কোটি মার্কিন ডলার। সেখানে উবার-এর মূল্য ৫ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার।