বৈদ্যুতিক গাড়ি আনছে অউডি ও পোর্শ
নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে জার্মান অটোমোবাইল নির্মাতা অউডি ও পোর্শ। সোমবার ফোকসভাগেন গ্রুপের সংবাদ সম্মেলনে ওই গাড়ি দুটির ‘কনসেপ্ট’ সংস্করণ প্রদর্শন করে দুই প্রতিষ্ঠান।
অউডির তৈরি এসইউভি গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘ই-ট্রন কোয়াট্রো’ এবং পোর্শের স্পোর্টস গাড়িটির নাম ‘মিশন ই’। গাড়ির বাজারে ‘মিশন ই’ টেসলার ‘মডেল এস’ এবং ‘ই-ট্রন কোয়াট্রো’, ‘মডেল এক্স’ এর প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
পোর্শ ‘মিশন ই’
ম্যাশএবল জানিয়েছে পোর্শের তৈরি মিশন ই গাড়িটি একবারের চার্জে ৩১০ মাইল চলবে। ৬০০ হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। এছাড়াও ১৫ মিনিটে গাড়ির ব্যাটারি ৮০ শতাংশ চার্জ করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। গাড়িটি ৩.৫ সেকেন্ডে ঘণ্টায় ৬২ মাইল গতি অর্জনে সক্ষম।
দ্রুত চার্জ করার জন্য গাড়িটিতে ৮০০ ভোল্টের চার্জার ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি তারবিহীন ইন্ডাক্টিভ চার্জারের মাধ্যমেও চার্জ করা সম্ভব বলে জানিয়েছে ম্যাশএবল।
পারফর্মেন্সের পাশাপাশি ডিজাইনের দিকেও মনোযোগ দেওয়া হয়েছে গাড়িটিতে। গাড়িটির ভিতরে হলোগ্রাফিক ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে। এছাড়াও কোনো টাচ স্ক্রিন ছাড়াই শুধু হাতের ইশারাতেই গাড়িটির মাল্টিমিডিয়া নিয়ন্ত্রণ করা যাবে।
মিশন ই কবে নাগাদ বাজারে ছাড়া হবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি পোর্শ।
অউডি ই-ট্রন কোয়াট্রো
অন্যদিকে ইলেকট্রিক এসইউভি আনছে জার্মান অটোমোবাইল নির্মাতা অউডি। ই-ট্রনে ৩ টি মোটর এবং ৯৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। অউডির তৈরি এই এসইউভিও একবার চার্জে ৩১০ মাইল চলবে বলে জানিয়েছে ম্যাশএবল।
এই গাড়ির ৪২০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন ‘স্পেশাল বুস্ট মোডে’ ৫০০ হর্সপাওয়ার ক্ষমতা ধারণ করতে পারে। তারবিহীন ইন্ডাক্টিভ চার্জারের মাধ্যমে গাড়িটি চার্জ করা যাবে। গাড়িটির ছাদে সোলার প্যানেলও ব্যবহার করা হয়েছে।
গাড়িটির ভিতরে অনেকগুলো ওলেড পর্দা যুক্ত রয়েছে। অউডি তাদের এই নতুন ড্যাশবোর্ডের নাম দিয়েছে ভার্চুয়াল ককপিট। ২০১৮ সালে গাড়িটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে অউডি।
