২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্ত্বা নিয়ে আগাচ্ছে ফেইসবুক

কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশাল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে গবেষণা এবং মানবকল্যাণে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। সেই কাতারে আছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুকও। প্রজেক্ট ‘এম’ নামের নতুন প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অংকন কুমার দাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

সংবাদ সংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এআই নিয়ে ফেইসবুকের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন ফেইসবুকের এআই গবেষণা বিভাগের পরিচালক ইয়ান লিকান।

লিকান বলেন, “ফেইসবুকের কাজ হচ্ছে মানুষকে সামাজিকভাবে সবল করে তোলা এবং এআই নিয়ে ফেইসবুক এমন কিছু করার পরিকল্পনা করছে যা মানুষকে তার দৈনন্দিন জীবনের সকল ডিজিটাল কাজ করতে সাহায্য করবে। যেমন গুগল থেকে যে তথ্য বের করতে কয়েক ঘন্টা সময় লাগে তা নিমিষেই যোগাড় করে দেওয়া, কোনো ছবিতে লুকিয়ে থাকা তথ্য লিখিত আকারে অনুবাদ করা, কারও চেহারা দেখে পরিচয় বলে দেওয়া (ফেশিয়াল রিকগনিশন), বন্ধু বা সহকর্মীদের সাথে দেখা করার সময় নির্ধারণ করে দেওয়া ইত্যাদি।”

ফেইসবুকের পরিকল্পনা হচ্ছে এমন একটি এআই সিস্টেম তৈরি করা যার ‘কমন সেন্স’ থাকবে। অর্থাৎ যা কিছুটা হলেও বুঝবে যে কীভাবে একজন মানুষ তার দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করেন।

এই প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের জন্য ফেইসবুক ‘কল সার্ভিস’ সহযোগিতা দিতেও আগ্রহী। এআই মেশিনের কাছে কেউ কোনো সমস্যার সমাধান না পেলে সমাধানের জন্য কোনো মানুষের সাহায্য নিতে পারেন। এতে এআই মেশিন আরও নতুন কিছু শিখবে যা ভবিষ্যতে প্রজেক্ট ‘এম’ এ পরিপূর্ণতা আনতে সহায়তা করবে।

আপাতত এই প্রকল্প পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে জানিয়েছে বিবিসি। আগামী কয়েক বছরের মধ্যে এই পরিকল্পনার কিছু কাঠামোগত ফলাফল প্রদর্শন করতে আগ্রহী ফেইসবুক।