২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নির্বাচনে ডিজিটাল দাওয়াই

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চায়ের কাপে ঝড় উঠেছে। এক্ষেত্রে নির্বাচনী প্রচারণা সুষ্ঠুভাবে পরিচালনার কাজে হার্পার রিড-এর মতো প্রযুক্তিবিদদের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে হিলারি ক্লিনটনের মতো প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

সিএনএন জানিয়েছে, হার্পার রিড ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান প্রযুক্তি কর্মকর্তার (সিটিও) পদে ছিলেন।

সেসময় নির্বাচনী প্রচারণায় ফেইসবুক এবং টুইটার অন্তর্ভূক্ত করার মাধ্যমে রিড বিপুল সংখ্যক ভোটার এবং দাতার মনোযোগ আকর্ষণে সক্ষম হন। 

বিভিন্ন পরিকল্পনা ব্যর্থ হলেও একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালানোর মাধ্যমেই রিড এবং তার দল বারাক ওবামার পক্ষে জনমত বৃদ্ধিতে সক্ষম হন বলে জানিয়েছে সিএনএন। 

মোবাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ‘মডেস্ট’-এর প্রতিষ্ঠাতা রিড আসন্ন নির্বাচনে সাফল্যের জন্য অংশগ্রহনকারীদের ‘সিলিকন ভ্যালি মাইন্ডসেট’ অনুসরণের পরামর্শ দিয়েছেন। প্রচলিত ধারার বাইরে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার মানসিকতাই সিলিকন ভ্যালি মাইন্ডসেট নামে পরিচিত।

সামনের নির্বাচনে এখনো কোনো প্রার্থীর প্রতি সমর্থন অথবা অংশগ্রহনের কথা জানাননি রিড। তবে নির্বাচনী প্রচারণায় সোশাল মিডিয়া ভালভাবে ব্যবহার করায় তিনি বার্নি স্যান্ডার্স, হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন।

রিডের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বর্তমানে জনগনের সঙ্গে সম্পৃক্ত হতে প্রার্থীদের জন্য সোশাল মিডিয়া বেশ ভাল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

এ ক্ষেত্রে নির্বাচনী কাজে অংশ নেয়া ডিজিটাল টিমগুলোকে টুইটার বা ফেইসবুক ছাড়াও স্ন্যাপচ্যাট এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মেও সক্রিয় হতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।