হাতকড়া থেকে হোয়াইট হাউজ
টি-শার্টে নাসার লোগো আর মনজুড়ে এমআইটির স্বপ্ন নিয়ে দিন পার হয় যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত ১৪ বছর বয়সী কিশোরটির। বিজ্ঞানভক্ত ওই কিশোর শিক্ষককে খুশি করার জন্য নিজের চেষ্টায় ঘড়ি বানিয়ে এনেছিল স্কুলে। কিন্তু দিন শেষে সেই স্বপ্নবিলাসী কিশোর স্কুল থেকে বেরিয়েছিল হাতকড়া নিয়ে!
উপরের ঘটনার সঙ্গে যোগ করে দিন আরও কিছু তথ্য। সুদানের বংশোদ্ভূত ওই কিশোরের নাম ‘আহমেদ মোহামেদ’। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর এমন সময় যখন ‘ইসলামোফোবিয়া’ পশ্চিমা মানষে দগদগে।
ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকআর্থার হাইস্কুলে অধ্যয়নরত আহমেদ মোহামেদ-এর বেলায়।
চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সোমবার ‘ভূয়া বোমা’ রাখার অভিযোগে আহমেদকে পুলিশের হাতে তুলে দিয়েছিল তারই স্কুল কর্তৃপক্ষ। অথচ তথাকথিত ওই ‘বোমা’ ছিল আসলে বাড়িতে তৈরি একটি ঘড়ি যা আহমেদ তার শিক্ষককে দেখাতে স্কুলে এনেছিল।
ওই ঘটনার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। প্রায় প্রতিটি সংবাদমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গে ওই সংবাদ উপস্থাপন করে।
যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় এমন অভিযোগ বেশ পুরানোই বলা চলে। এমন অবস্থায় নতুন ওই ঘটনা অনেকটা আগুনে ঘি ঢালার মতো বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সন্দেহজনক বস্তু রাখার অভিযোগে আহমেদকে আটক করা হলেও পরে জিনিসটিতে বিপজ্জনক কিছুর আলামত খুঁজে পাওয়া যায়নি।
অবাক করার বিষয় হলো, এই ঘটনার জন্য দুঃখ প্রকাশের পরিবর্তে নিজেদের সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।
তবে বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ মানুষ এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহমেদের প্রতি সহমর্মিতা দেখানো হয়েছে।
আহমেদের বানানো ঘড়িটিকে ‘কুল ক্লক’ বলে আখ্যা দিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে টুইট করেছেন।
আহমেদের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন হিলারি ক্লিনটনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি।
সোশাল মিডিয়া জায়ান্ট ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একটি ফেইসবুক পোস্টে বলেন, “নতুন কিছু বানানোর মতো প্রতিভা এবং আকাঙ্ক্ষাসম্পন্ন ব্যক্তি গ্রেপ্তার নয়, সাধুবাদ পাওয়ার যোগ্য। ভবিষ্যত শুধু আহমেদের মতো মানুষদের জন্য।”
এ ছাড়া নাসা এবং এমআইটি থেকেও আহমেদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই ঘটনায় সোশাল মিডিয়ায় বেশ সরব ছিল বিশ্বের নানা প্রান্তের অগনিত মানুষ। ‘#IStandWithAhmed’ হ্যাশট্যাগের মাধ্যমে ফেইসবুকে আহমেদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকেই।
এ ছাড়াও দেয়াল ঘড়ি হাতে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে আপলোড করেছেন দেশ-বিদেশের নানা ব্যক্তি।
ঘটনার কেন্দ্রবিন্দু আহমেদ এক সংবাদ সম্মেলনে অবশ্য লাজুক হেসে বলেছে, “আমার ওপর থেকে পুলিশ অভিযোগ উঠিয়ে নিয়েছে। আমি হয়ত কখনও এমআইটিতে পড়ার চেষ্টা করব। তবে এই স্কুল বদলে হয়ত অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করব আমি।”
