নতুন আইফোনের র্যাম ২ জিবি
সম্প্রতি উন্মোচিত হওয়া আইফোন ৬এস এবং ৬এস প্লাসে প্রথমবারের মত ২ গিগাবাইট র্যাম ব্যবহার করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। হামজা সুদ নামের একজন ডেভেলপার এর সত্যতা নিশ্চিত করেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম 'এক্সকোড'-এর নতুন সংস্করণ ব্যবহার করে সুদ একটি অ্যাপ তৈরি করেন যা আইফোন ডিভাইসের মেমোরি শনাক্ত করে ছবি আকারে প্রদর্শন করে।
একেবারে নিঁখুত না হলেও এই পদ্ধতিতে পাওয়া ফলাফল বিশ্বাসযোগ্য বলে জানিয়েছে ম্যাশএবল।
পরীক্ষা শেষে সুদ আইফোন ৬ এস ও ৬ এস প্লাসে ২ গিগাবাইট এবং নতুন আইপ্যাডে ৪ গিগাবাইট র্যাম ব্যবহার করা হয়েছে বলে টুইট করেন।
অবশ্য অ্যাপল বরাবরই তাদের তৈরি আইওএস ডিভাইসের হার্ডওয়্যার ক্ষমতা প্রকাশ না করার রেওয়াজ মেনে চলে এবং এবারও এই র্যাম আপডেটের কথা বলা হয়নি।
অ্যাপল ডিভাইসে র্যাম আপডেটের ফলে বেশি মেমোরি দখল করে এমন অ্যাপ ব্যবহার করা সহজ হবে বলে জানিয়েছে ম্যাশএবল।
