‘মধ্যমা’সহ আইফোনে নতুন ইমোজি
অ্যাপলের বানানো অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট আইওএস ৯.১-এ আসছে বেশ কয়েকটি নতুন ইমোজি। এর ফলে আইফোন গ্রাহকরা বুরিটো, ইউনিকর্ন এবং ‘মিডল ফিঙ্গার’-এর মতো ইমোজি ব্যবহার করতে পারবেন।
বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ইউনিকোড স্ট্যান্ডার্ড মান নিয়ন্ত্রণ সংস্থা ‘ইউনিকোড কনসোর্টিয়াম’ ইতোমধ্যে বেশ কিছু সংখ্যক ইমোজির অনুমোদন দিয়েছে। তবে এখনো নতুন কিছু ডিজাইনের ইমোজির উপর কাজ চলছে বলে দৈনিকটি জানায়।
এক্ষেত্রে আগে শুধু সাদা চামড়ার মানুষদের সঙ্গে মিল রেখে ইমোজি বানানো হলেও এখন এই বর্ণবৈষম্য দূর করার উপর জোর দেয়া হয়েছে।
আইওএস ৯.১-এর বেটা সংস্করণে সর্বশেষ ইউনিকোড কনসোর্টিয়াম আপডেটের ডিজাইনগুলোর পাশাপাশি পুরোনো ইমোজিগুলোও ব্যবহার করা যাবে। এ ছাড়া এতে রোবট, ব্যান্ডেজ করা মুখ এবং ‘নার্ড’ ইমোজিও থাকছে।
নতুন সংস্করণে চার্চ ছাড়াও মসজিদ এবং ইহুদীদের উপাসনালয় ‘সিনেগগ’-এর ইমোজি সংযুক্ত করা হয়েছে।
তবে ‘লাল চুলের’ ইমোজির অন্তর্ভূক্তি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
প্রযুক্তিবিষয়ক প্রকাশনা টেক ইনসাইডার- এর ভাষায় মিডল-ফিঙ্গার ইমোজিটি ‘বহুল অপেক্ষিত’ হলেও বুরিটো, রাইটিং হ্যান্ড এবং শ্যাম্পেন বোতলের ইমোজিগুলোও আরো বেশি আকর্ষণীয় হবে বলে জানিয়েছে প্রত্রিকাটি।
আগামী ১৬ সেপ্টেমবর উন্মুক্ত হতে যাওয়া আইওএস ৯-এ এই ইমোজিগুলো না থাকলেও আইওএস ৯.১-এর বেটা সংস্করণে ইতোমধ্যে এই ইমোজিগুলো অন্তর্ভূক্ত করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ এই ইমোজিগুলো সকলের জন্য উন্মুক্ত করা হবে।
তবে অ্যান্ড্রয়েডসহ অন্যান্য অপারেটিং সিস্টেমে এই ইমোজিগুলো ঠিক কবে নাগাদ পাওয়া যাবে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
