অনুমতি ছাড়াই উইন্ডোজ ১০ ডাউনলোড!
সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’ বাজারজাত করা শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এবার গ্রাহকের অনুমতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে উইন্ডোজ ১০ ডাউনলোডের ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ ব্যবহারকারীদের মধ্যে যারা ‘উইন্ডোজ ১০’ এর প্রতি কোনো আগ্রহ দেখাননি তাদের ডিভাইসেও উইন্ডোজের সর্বশেষ সংস্বকরণ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করছে মাইক্রোসফট।
অবশ্য গ্রাহকের ডিভাইসে কেবল ‘অটোমেটিক আপডেট’ অন করা থাকলেই উইন্ডোজ ১০ ডাউনলোড হবে। বিভিন্ন ‘বাগ ফিক্স’ এবং সিকিউরিটি আপডেট পেতে গ্রাহকের জন্য ফিচারটি বেশ কার্যকর বলে জানিয়েছে গার্ডিয়ান।
ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড হয়েছে এমন ব্যবহারকারীদের প্রতিবার কম্পিউটার রিবুট করার পর উইন্ডোজ ১০ ইনস্টল করতে বলা হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
উইন্ডোজ ১০ ডিভাইসে ইনস্টল হওয়ার আগে প্রমোট মেসেজের মাধ্যমে গ্রাহকের অনুমতি চাইছে। উইন্ডোজ ১০-এর ফাইলগুলো ৩.৫ গিগাবাইট থেকে ৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকাটি।
এক্ষেত্রে ৩২ জিবি স্টোরেজের উইন্ডোজ ট্যাবলেটে এই ডাউনলোড মোট স্পেসের ১৯ শতাংশ জায়গা দখল করবে এবং আপডেট ডাউনলোডের ফলে তুলনামূলক ধীর গতির ইন্টারনেট ব্যবহারকারীরা অন্যান্য সময়সাপেক্ষ কাজ করতে গিয়ে ঝামেলায় পরবেন বলে জানিয়েছে গার্ডিয়ান।
