২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় ব্রেক থাকবে সব গাড়িতে

সব গাড়িতে স্বয়ংক্রিয় ব্রেক যুক্ত করার বিষয়ে মার্কিন সরকারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে দশটি যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান। এর ফলে সড়ক দূর্ঘটনায় হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করেন দেশটির যোগাযোগবিষয়ক কর্মকর্তারা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

এবিসিনিউজ জানিয়েছে, এ প্রযুক্তি ব্যবহারের প্রসার ঘটানোর বিষয়কে সড়ক নিরাপত্তায় নতুন যুগের শুরু হিসেবে দেখছেন মার্কিন যোগাযোগ মন্ত্রী অ্যান্থনি ফক্স।

ঠিক কবে নাগাদ এ পরিবর্তন আনা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে জানানো হয়নি এখনও। স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহারে মার্কিন সরকারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠানগুলো হল আউডি, বিএমডব্লিউ, জেনারেল মটর্স, মাজডা, মার্সেডিস বেঞ্জ, টেসলা, টয়োটা, ফোকসভাগেন (বাংলাদেশে ‘ভক্সওয়াগন’ নামেই বেশি পরিচিত) আর ভলভো। বর্তমানে এ প্রযুক্তির ব্যবহার থাকলেও ক্যাডিলাক, ইনফিনিটি বা লেক্সাসের মতো কিছু বিলাসবহুল মডেলের গাড়িতেই এর দেখা মেলে।

ফক্স বলেন, “স্বয়ংক্রিয় জরুরী ব্রেক-এর মতো প্রযুক্তিগুলো যদি শুধু দামি গাড়ির মডেলে দেখা যায়, তবে অল্পসংখ্যক আমেরিকান নতুন এই যুগের উপকার দেখতে পাবেন।”

যুক্তরাষ্ট্রের জাতীয় যোগাযোগ নিরাপত্তা বোর্ডের সূত্রমতে, এ প্রযুক্তি ব্যবহার করে ৮০ শতাংশ গাড়ি ও বাণিজ্যিক ট্রাকের সংঘর্ষ কমানো যাবে এবং প্রতি বছর প্রায় ১৭০০ মৃত্যু ঠেকানো যাবে আর ৫ লাখ লোককে সড়ক দূর্ঘটনায় আহত হওয়া থেকে বাঁচানো যাবে।