আইপ্যাড প্রো-এর অজানা ৮
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত অ্যাপল ইভেন্টে ১২.৯ ইঞ্চি পর্দার নতুন আইপ্যাড প্রো উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এটিই প্রতিষ্ঠানটির তৈরি সবচেয়ে বড় ট্যাবলেট।
শুধু নতুন ট্যাবলেট নয়, নতুন আইফোন আর অ্যাপল টিভি নিয়ে ৯ সেপ্টেম্বরের ইভেন্ট ছিল এক কথায় জমজমাট। একের পর এক পণ্য উন্মোচন আর উপস্থিতদের উত্তেজনায় আইপ্যাড প্রোর বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার চোখ এড়িয়ে গেছে অনেকের। আইপ্যাড প্রোর নতুন এই ফিচারগুলো নিয়ে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল।
থাকছে না ৩ডি টাচ
ডিসপ্লেতে ‘প্রেসার সেন্সিটিভ ফোর্স টাচ’-এর মাধ্যমে নানা কাজ সহজ করার জন্য ‘৩ডি টাচ’ ফিচার ব্যবহার করা হয়েছে আইফোন ৬এস এবং ৬এস প্লাস-এ। কিন্তু নতুন আইপ্যাড প্রো-তে থাকছে না ওই ৩ডি টাচ ফিচার।
দ্রুত চার্জ হবে অ্যাপল পেন্সিল
আইপ্যাড প্রো-এর জন্য ৯৯ ডলার দামের নতুন স্টাইলাস ‘অ্যাপল পেন্সিল’ বানিয়েছে অ্যাপল। আলাদা ব্যাটারিতে চলবে অ্যাপল পেন্সিল। একবারের চার্জে টানা ১২ ঘণ্টা চলবে এটি। সরাসরি আইপ্যাড প্রো-এর লাইটনিং পোর্ট থেকে চার্জ করা যাবে এই স্টাইলাস। ৬ মিনিটেই এটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব।
লাইটনিং পোর্ট
নতুন আইপ্যাড প্রো-তে ব্যবহার করা হয়েছে ‘বাইডিরেকশোনাল লাইটনিং ইউএসবি পোর্ট’। এই বাইডিরেকশোনাল পোর্ট শুধু চার্জ গ্রহণই করবে না, এর মাধ্যমে অ্যাপল পেন্সিলও রিচার্জ করতে পারবে।
কেবল আইপ্যাড প্রোতে চলবে অ্যাপল পেন্সিল
অ্যাপলের নতুন স্টাইলাস অ্যাপল পেন্সিল শুধু আইপ্যাড প্রো-তে চলবে বলে জানিয়েছে অ্যাপল।
স্মার্ট কিবোর্ড
আইপ্যাড প্রো-এর জন্য নতুন স্মার্ট কিবোর্ড এনেছে অ্যাপল। এই কিবোর্ড ‘স্মার্ট কানেক্টর’ নামের নতুন ম্যাগনেটিক কানেক্টরের মাধ্যমে আইপ্যাড প্রো এর সঙ্গে যুক্ত হবে। এতে কোনো ব্লূটুথ সংযোগের প্রয়োজন নেই। সরাসরি আইপ্যাডের সঙ্গে যুক্ত হওয়ায় এতে আলাদা কোনো ব্যাটারিও নেই। ১৬৯ ডলার দামের ওই স্মার্ট কিবোর্ড অত্যন্ত পাতলা। এছাড়াও এর কভারটি পানি ও ধুলা নিরোধক।
দুর্বল ক্যামেরা
আইফোনের মতো তেমন ‘সুনাম’ নেই আইপ্যাডের ক্যামেরার। নতুন আইপ্যাডে এফ/২.৪ অ্যাপারচার লেন্সের ৮ মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় স্বল্প আলোতে তোলা ছবি নিম্নমানের হবে বলে জানিয়েছে ম্যাশএবল। আছে ১.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
বাড়তি র্যাম
শুরু থেকেই আইওএস ডিভাইসগুলোতে তুলনামূলক কম র্যাম ব্যবহার করেছে অ্যাপল। আইপ্যাড প্রোতে এই প্রথম তার ব্যতিক্রম দেখা গেল। যেখানে নতুন আইফোন ৬, ৬ প্লাসে ১ জিবি এবং আইপ্যাড এয়ার ২-এ ২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, সেখানে আইপ্যাড প্রোতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি।
