অ্যাশলি ম্যাডিসন: গোড়াতেই গলদ
পরকীয়ায় আগ্রহীদের ডেটিং সাইট অ্যাশলি ম্যাডিসন-এর পাসওয়ার্ড এনক্রিপ্ট করে স্টোর করার প্রক্রিয়ায় দুর্বলতা আবিষ্কার করেছে একদল ক্র্যাকার। সম্প্রতি হ্যাকিংয়ের ঘটনায় প্রায় ৩ কোটি ইউজাররের গোপন তথ্য বেহাত হয়েছিল সাইটটি থেকে। চুরি হওয়া পাসওয়ার্ড এনক্রিপ্টেড হওয়ার কারণে হ্যাকাররা এটি কোনোভাবে ব্যবহার করতে পারবে না বলে সাইটটি দাবি করলেও ক্র্যাকাররা বলছে ভিন্ন কথা।
বিবিসি জানিয়েছে, সাইটটি পরিচালনার কোনো এক পর্যায়ে ইউজারদের অ্যাকাউন্টে ঢোকা আরও সহজ করার জন্য ওয়েবসাইটটির ডেভেলপাররা নিরাপত্তা ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছিলেন। এর ফলে সৃষ্ট দুর্বলতাই চিহ্নিত করেছে ‘সাইনোসর প্রাইম’ নামের এক দল পাসওয়ার্ড ক্র্যাকার।
যে কাজ করতে কোন ক্র্যাকার দলের কয়েক বছর সময় লাগত, সেখানে ‘সাইনোসর প্রাইম’-এর লেগেছে মাত্র ১১দিন। ১১ দিনে তারা ১ কোটি ২০ লাখ পাসওয়ার্ড ক্র্যাক করতে সক্ষম হয়েছে এবং এই সংখ্যা ১ কোটি ৫০ লাখে পৌঁছাবে বলে আশাবাদী ক্র্যাকাররা।
পাসওয়ার্ড ক্র্যাক করে পাওয়া তথ্য অনলাইনে শেয়ার না করলেও, অ্যাশলি ম্যাডিসনের ফাঁস হওয়া পাসওয়ার্ড ক্র্যাক করার নিয়মাবলি ঠিকই জানিয়েছে ক্র্যাকারদের দলটি।
