এবার গুগল-টুইটারের জোট
ফেইসবুকের ‘ইনস্ট্যান্ট আর্টিকল’ ফিচারের আদলে নিজস্ব ব্যবহারকারীদের জন্য ওপেন সোর্স কনটেন্ট সরবরাহের সেবা চালু করতে জোট বাঁধছে মার্কিন টেক জায়ান্ট গুগল আর মাইক্রোব্লগিং সেবা টুইটার।
অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেন গুগলের নতুন প্লাটফর্ম ব্যবহার করতে পারে সে জন্য নতুন সেবাটি ওপেন সোর্স রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট রিকোড। এই প্রকল্পে অংশ নিচ্ছে অল্প কয়েকটি প্রকাশক প্রতিষ্ঠান।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের মতো গুগল এবং টুইটার নিজেই কনটেন্ট হোস্ট করবে না। এর পরিবর্তে গুগল বা টুইটারে লিংক ক্লিক করার মাধ্যমে প্রকাশনা প্রতিষ্ঠানের সাইট থেকে নির্দিষ্ট ওয়েবপেইজের ‘স্ন্যাপশট’ দেখা যাবে।
গ্রাহকদের কাছে এই ফিচারটি অনেকটাই ফেইসবুকের ‘ইনস্ট্যান্ট আর্টিকলের মতো মনে হলেও এর মাধ্যমে প্রকাশকরা লাভবান হবেন-এমনটাই জানিয়েছে ম্যাশএবল।
অনলাইনে কনটেন্ট প্রকাশকদের জন্য ফেইসবুক বিপুল সংখ্যক পাঠক সংগ্রহের মাধ্যম। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমটির উপর এত নির্ভরতা ভবিষ্যতে প্রকাশকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা।
এ অবস্থায় গুগল এবং টুইটারের সম্মিলিত কনটেন্ট শেয়ারিং ফিচার চালু হলে কী হবে সেটাই এখন দেখার বিষয়।
প্রকাশকদের নামসহ চলতি বছরের শেষেই ফিচারটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ম্যাশএবল।
