বাংলাদেশের বাজারে ‘এসমোবাইল’
বাংলাদেশের বাজারের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ইনটেল প্রসেসর ব্যবহার করে তৈরি স্মার্টফোন ‘এসমোবাইল’। ইনটেল ইএম লিমিটেড এবং এসমোবাইলের উর্ধ্বতন কর্মকর্তারা ৯ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসটির উদ্বোধন করেন।
এসমোবাইলের প্রথম বাজারজাতকৃত এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ইনটেলের অ্যাটম এক্স৩ (সোফিয়া) প্রসেসর। ভয়েস কলিং ও থ্রিজি ডাটা ভায়া ডুয়াল সিম ফিচারের ‘এসমোবাইল’ স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত পারফর্মেন্স দেবে—ইনটেল ও এসমোবাইলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে।
ইনটেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এ সম্পর্কে বলেন, “অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য পছন্দের প্রসেসর হয়ে গেছে ইনটেল।” অ্যান্ড্রয়েড ক্যাটেগরির প্রতিটি প্রাইস পয়েন্টে ইনটেল আর্কিটেকচার তার পারফর্মেন্স দেখাতে পারে। ইনটেলের এই ডিভাইসগুলো ব্যবহারকারীদের কাজ ও জীবনে ব্যপক স্বাচ্ছন্দ দেবে।”
অনুষ্ঠানে এসমোবাইলের সিইও লিন ইন কুন বলেন, “এই প্রথমবারের মতো ইনটেল প্রসেসরে তৈরি এসমোবাইল স্মার্টফোন বাংলাদেশের বাজারে উদ্বোধন করা হলো। থ্রিজি ডাটা, ভয়েস কলিং বৈশিষ্ট্য, প্রিমিয়াম ক্যামেরা ইত্যাদি স্পেসিফিকেশনের কারণে এই ডিভাইসগুলো ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলবে।”
অ্যান্ড্রয়েড ৪.৪.৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে স্মার্টফোনগুলোতে। এখন থেকে রাজধানীসহ সারা দেশের পার্টনার আউটলেটগুলোতে এসমোবাইলের স্মার্টফোনগুলো পাওয়া যাবে এবং ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টার কভারেজ পাবেন ক্রেতারা।
