২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক নজরে অ্যাপলের নতুন ঘোষণা

৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো-তে অ্যাপল আয়োজিত অনুষ্ঠান নিয়ে সরগরম ছিল বিভিন্ন মিডিয়া। অবশেষে এ অনুষ্ঠানে আইপ্যাড প্রো, অ্যাপল টিভি এবং আইফোন ৬এস এবং ৬এস প্লাস হ্যান্ডসেট বাজারজাতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মার্কিন এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:37 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

আইপ্যাড প্রো

সব গুজবের অবসান ঘটিয়ে ১২.৯ ইঞ্চি স্ক্রিনের ‘আইপ্যাড প্রো’ উন্মোচন করেছে টিম কুক অ্যান্ড গং।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই আইপ্যাডে নতুন এ৯এক্স চিপ ব্যবহার করা হয়েছে যা আগের আইপ্যাডের তুলনায় ১.৯ দ্রুতগতিসম্পন্ন।

আইপ্যাডটির সঙ্গে থাকছে বিশেষ কিবোর্ড এবং অ্যাপল পেন্সিল নামের স্টাইলাস। একবার চার্জ দেয়ার পর আইপ্যাড প্রো ১০ ঘন্টা পর্যন্ত চলবে।

নতুন ঘোষিত আইপ্যাডগুলো চলতি বছরের নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বিবিসি। আইপ্যাডে স্টোরেজ এবং ৪জি সংযোগের ভিত্তিতে এর দাম ৭৯৯ থেকে ১০৭৯ ডলার পর্যন্ত হবে বলে সংবাদমাধ্যমটি জানায়।

এ ছাড়া স্টাইলাসটির দাম ৯৯ ডলার এবং কিবোর্ডের দাম ১৬৯ ডলার হবে। 

অ্যাপল টিভি

অ্যাপল টিভির জন্য সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেম ‘টিভিওএস’ বানিয়েছে অ্যাপল। এই টিভি বক্সের জন্য আসছে আলাদা অ্যাপ স্টোর।

এ ডিভাইসটিতে বিশেষ মাইক্রোফোন ব্যবহারের মাধ্যমে ভয়েস-অপারেটেড সার্ভিস চালু করা হচ্ছে।

তবে, এই টিভি বক্সে অ্যাপলের নিজস্ব টিভি অনুষ্ঠান কিংবা মুভি সাবস্ক্রিপশন প্যাকেজ থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।

অ্যাপল টিভিতে ভিডিও গেইম খেলার সুবিধাও থাকবে। বিশেষ করে অ্যাপলের মোশন সেন্সিটিভ রিমোটটি ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর উয়ি কন্ট্রোলারের মতো ব্যবহার করা যাবে।

স্টোরেজের ভিত্তিতে এই টিভি বক্সগুলোর দাম ১৪৯ থেকে ১৯৯ ডলার হবে বলে জানিয়েছে বিবিসি।

আইফোন ৬ এস ও ৬ এস প্লাস

অনুষ্ঠানে আইফোন ৬ এস এবং আইফোন ৬ এস প্লাস উন্মোচনের পাশাপাশি বিভিন্ন আপগ্রেড নিয়ে আলোচনা করা হয়।

বিবিসি জানিয়েছে, নতুন আইফোনে থাকছে থ্রিডি টাচ ফিচার। এর ফলে হ্যান্ডসেটের স্ক্রিন জোরে চাপ দিয়ে ই-মেইল ও ফটো প্রিভিউ বা সেলফি মোড অন করা যাবে।

এ ছাড়া নতুন আইফোনে ৪কে ভিডিও ধারণ করার সুবিধা থাকছে। আইফোনের ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ১২ মেগাপিক্সেলে নেয়া হয়েছে। তবে, এই অতিরিক্ত রেজুলিউশন আইফোনের দামে কোনও ভূমিকা রাখছে না।

আইফোনের প্রসেসরও আগের চেয়ে উন্নত করা হয়েছে।

নতুন আইফোনগুলোর অপারেটিং সিস্টেম হবে আইওএস ৯।

অ্যাপল ওয়াচ

অ্যাপল স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেমে নতুন আপগ্রেড আনা হয়েছে। ১৬ সেপ্টেম্বর আপগ্রেডটি উন্মুক্ত করা হবে।

ওয়াচ ওএস ২-তে থার্ড পার্ট অ্যাপ রান করা যাবে। দ্রুতগতিতে লোডিংয়ের পাশাপাশি এই অ্যাপগুলো ভিডিও প্লে করতে কিংবা ওয়াচটির মাইক্রোফোন এবং সেন্সরে নিয়ন্ত্রণেও ব্যবহার করা যাবে।