এআই নিয়ে অ্যাপলের বাড়তি তৎপরতা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণায় নিজেদের অগ্রগতি বাড়াতে নতুন জনশক্তি নিয়োগ দিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। শীর্ষ প্রতিদ্বন্দ্বী গুগলের বিপরীতে এআই খাতে নিজেদের শক্ত অবস্থান গড়তে চাইছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আইওএস ৯ এর ‘প্রোঅ্যাক্টিভ’ ফিচারগুলো দিয়ে এআই আর মেশিন লার্নিং খাতে নিজেদের বাণিজ্যিত কার্যক্রম ইতোমধ্যেই শুরু করে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং বিষয়ে দক্ষ অন্তত ৮৬ জন ব্যক্তিকে নিয়োগ করছে বলে জানিয়েছে রয়টার্স। গুগল, অ্যামাজন এবং ফেইসবুকের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মতো এআই খাতের দক্ষ কর্মী আর বিশেষজ্ঞদের দলে টানতে সাম্প্রতিক সময়ে অ্যাপলের তৎপরতাও বেড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
অন্যদিকে ম্যাকরিউমার্স ডটকম জানিয়েছে, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাপলের নিজস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়া হচ্ছে।
এক্ষেত্রে সফটওয়্যার সংশ্লিষ্ট কাজের জন্য দক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি পণ্য বিপণন বিভাগের জন্যও মেশিন লার্নিং বিষয়ে দক্ষ ব্যক্তি নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
গত কয়েক বছরে অ্যাপলের নিজস্ব মেশিন লার্নিং টিম-এ সদস্য সংখ্যা চারগুণ হয়েছে বলে দাবি করেছে অ্যাপল।
