২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ সেপ্টেম্বর নিয়ে সরগরম মার্কিন মিডিয়া

৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিকোতে আয়োজিত অনুষ্ঠানে আইফোন ৬এস-এর পাশাপাশি অ্যাপল টিভি এবং বড় ডিসপ্লের নতুন আইপ্যাডে উন্মাচন করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে তা আদৌ সত্য না গুজব তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুই দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, অনুষ্ঠানে উন্নত ক্যামেরা এবং ফোর্স টাচ ফিচারের আইফোন ৬এস বাজারজাতের ঘোষণা আসছে তা প্রায় নিশ্চিত। এছাড়া আইফোন ৬ প্লাস-এরও নতুন আপডেট আসছে।

তবে অনুষ্ঠানে আইওএস ৯-এর বিভিন্ন ফিচার নিয়েই বেশি সময় ব্যয় করা হবে বলে জানিয়েছে ম্যাশএবল। এক্ষেত্রে আইওএস ৯ এবং ওএস এক্স এল ক্যাপিটান-এর বাজারজাতের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সাইটটি।

অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, অ্যাপলের বহুল আলোচিত ‘জায়ান্ট আইপ্যাড’ বাজারজাতের ঘোষণাই হতে পারে অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ।

১৩ ইঞ্চি স্ক্রিন ও স্টাইলাস সংবলিত ওই আইপ্যাড ব্যবসা ক্ষেত্রে কর্মরত পেশাদারদের জন্য বেশ উপকারি ডিভাইস হতে পারে বলে জানিয়েছে সিএনএন।

বড় স্ক্রিনে কাজ করতে অভ্যস্ত গ্রাহকদের জন্যও ডিভাইসটি বেশ উপযোগী হবে বলে জানানো হয়েছে সাইটটির প্রতিবেদনে।

এ ছাড়াও অনুষ্ঠানে অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম ‘ওয়াচ ওএস ২’ এবং নতুন রিস্টব্যান্ডসহ নানা ফিচার নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।

তবে অ্যাপল টিভি নিয়ে আদৌ কোনো ঘোষণা আসবে কিনা তা এখনো পরিষ্কার নয়।