সামুরাই রোবট
যদি জাপানিজ সামুরাইদের মতো হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে নেমে যায় রোবটরা, তাহলে ব্যাপারটা কেমন হবে? এমনই ভিন্নধর্মী ‘সামুরাই রোবট’-এর ধারণা নিয়ে বাজ করছে জাপানিজ রোবটিক্স প্রতিষ্ঠার ইয়াসকাওয়া ইলেকট্রিক কর্পোরেশন।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সামুরাই রোবটের কার্যক্ষমতা নিয়ে তৈরি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ইউটিউবারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে ভিডিওটি।
ওই রোবটটি তৈরির জন্য ইয়াসকাওয়া ইলেকট্রিক কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ইসাও মাচি নামক একজন জাপানিজ সোর্ড মাস্টারের বিভিন্ন অস্ত্রচালনার অঙ্গভঙ্গি ট্র্যাকিং ডিভাইস দিয়ে রেকর্ড করেন বলে জানিয়েছে ম্যাশএবল। পরবর্তীতে ওই তথ্যই ট্রান্সফার করা হয় রোবটটির কম্পিউটারে।
মানুষ না রোবট, কে সেরা? সেই প্রশ্নের উত্তর জানতে ইসাও মাচির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছিল রোবটটি। ইসাও মাচির সব কৌশল হুবহু নকল করেই থামেনি ওই সামুরাই রোবট, সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় ছাড়িয়ে গেছে তাকে। লড়াই করতে করতে ইসাও মাচি যখন ক্লান্ত, তখনও পুরো দমে লড়ছিল ইসকাওয়ার সামুরাই রোবটটি।
