ইন্টারনেট উইকে যত কর্মশালা
তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির গড়ে তোলার লক্ষ্য নিয়ে চলতি ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’—এর অংশ হিসেবে দেশব্যাপী আয়োজন করা হয়েছে অর্ধশত সেমিনার ও কর্মশালা। বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আয়োজিত ওই সেমিনার ও কর্মশালা অংশ নিচ্ছে দেশের কয়েক হাজার শিক্ষার্থী।
এক সংবাদবিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, সেমিনার ও কর্মশালায় বিগ ডেটা, তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিংসহ নানা বিষয়ে আলোচক হিসেবে থাকছেন গুগলসহ দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞজনরা।
এ প্রসঙ্গে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “সরকারের পরিকল্পনা হিসেবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। দেশের তরুণরাই এর মূল ধারক। আর তারই অংশ হিসেবে বাংলাদেশ ইন্টারনেট উইক উপলক্ষে অর্ধশত কারিগরি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণরা তথ্যপ্রযুক্তির নানা সুবিধা, ক্যারিয়ার গাইডলাইন পাবে এবং উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকার রাখতে পারবে।”
সেমিনার আয়োজন প্রসঙ্গে বেসিসের পরিচালক ও বাংলাদেশ ইন্টারনেট উইকের সহ-আহ্বায়ক আশ্রাফ আবির বলেন, “বাংলাদেশের সব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেন ইন্টারনেটের নানা সেবা সম্পর্কে জানতে পারে এবং তারা তাদের নিজেদের দৈনন্দিন জীবনে এগুলো কাজে লাগাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন কারিগরি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশে তথ্যপ্রযুক্তিতে তরুণ জনশক্তি তৈরির লক্ষ্যমাত্রা এগিয়ে যাবে।”
ইতোমধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ‘অনলাইনে আয়ের সম্ভাবনা’, রাজশাহী কলেজে ‘ফ্রিল্যান্সিং সম্ভাবনা’, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ‘ক্লাউড কম্পিউটিং’, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ‘ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং: ইন্ডাস্ট্রি প্রেক্ষাপট’, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এ ‘গ্লোবাল ট্রেন্ডস অফ স্টুডেন্ট সার্ভিসেস’, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইউইবি)-এ ‘আগামীর জন্য ইন্টারনেট’ ও ইউনিভার্সিটি অফ ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এ ‘ই-কমার্স’ শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সেমিনার ও কর্মশালায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ছাড়াও আগ্রহী কয়েক’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছে বেসিস। ৮ থেকে ১১ সেপ্টেম্বর দেশের আরও ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে সংবাদবিজ্ঞপ্তিতে।
মঙ্গলবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও দিনাজপুর কম্পিউটার টেকনোলজিতে ‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট’, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ডেভেলপমেন্ট অন আইফোন অ্যাপ্লিকেশন, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন’, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘বিগ ডেটা’, খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘পিএইচপি প্রোগ্রামিং’, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড বিয়ন্ড’, ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং’ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সো ইউ থিংক ইউ ক্যান স্টার্টআপ’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘ক্যারিয়ার অপচুনিটিস ইন আইসিটি সেক্টর অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট’, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘গেমিং টুলস’, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারনেট অ্যাওয়ারনেস অ্যান্ড বিগিনার ওয়ার্কশপ অন অ্যান্ড্রয়েড’, রাজশাহী পলিটেকনিকে ‘ওয়েব টেকনোলজিস’, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ‘ইন্টারনেট অ্যান্ড বিয়ন্ড’, রাজশাহী ইউনিভার্সিটিতে ‘আগামীর জন্য ইন্টারনেট’, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রিল্যান্সিং’, লিডিং ইউনিভার্সিটিতে ‘ই-মার্কেটিং’, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জেএসপি প্রোগ্রামিং’ অনুষ্ঠিত হবে।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এথিক্যাল হ্যাকিং’, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারনেট অ্যাওয়ারনেস অ্যান্ড বিগিনার ওয়ার্কশপ অন অ্যান্ড্রয়েড’, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার অপচুনিটিস ইন আইসিটি সেক্টর ও ‘ইন্টারনেট অফ থিংস’, ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ইন্টারনেট অফ থিংস’, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচপি ফ্রেমওয়ার্ক, ডটনেট প্রোগ্রামিং এবং সিটি ইউনিভার্সিটিতে ‘আগামীর জন্য ইন্টারনেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেসিস।
আর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চ শিক্ষা ও ইন্টারনেট’, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাও টু সার্চ ফর প্রফেসর ইন ইন্টারনেট ফর হায়ার স্টাডিস অ্যান্ড অনলাইন কোর্সেস’ এবং দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ‘ড্রিম বিগ: লেভারেজিং ইন্টারনেট ফর ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
বাংলাদেশ ইন্টারনেট উইকের ওয়েবসাইট (www.bangladeshinternet.org) থেকে নিবন্ধন করে আগ্রহীরা এসব সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোন সপ্তাহব্যাপি ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ আয়োজন করছে।
